তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি ক্যামাক স্ট্রিটের দপ্তর থেকে দলীয় বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাকে নোটিশ পাঠালো কলকাতা পুলিশ। শনিবার রাতে অভিষেকের বাসভবনে গিয়ে পুলিশের তরফে ওই নোটিশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার দুপুরে শেক্সপিয়র সরণি থানায় তদন্তকারী আধিকারিকের কাছে হাজিরা দিতে বলা হয়েছে অভিষেককে। যদিও পুলিশের এক পদস্থ আধিকারিকের বক্তব্য অনুযায়ী, তাকে সোমবার হাজির হতে বলা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত তিনটি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে দু’টি মামলায় অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অভিষেক ব্যানার্জি। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবিরের নামও এফআইআরে হয়েছে। রবিবার ডেরেক ও’ব্রায়েনকেও নোটিশ দেওয়া হয়েছে।
পুলিশ ও পৌরসভা সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেকের দপ্তরের ভবনে থাকা একটি ‘অননুমোদিত’ বিলবোর্ড খুলতে যায় কলকাতা পুরসভা (KMC)। বিলবোর্ডটিতে তৃণমূলের দলীয় প্রতীক ও অন্যান্য রাজনৈতিক বার্তা ছিল। পৌরকর্মীরা বিলবোর্ড খুলতে গেলে দপ্তরের বেসরকারি নিরাপত্তারক্ষী, তৃণমূলের সমর্থক এবং কয়েকজন দলীয় নেতার সঙ্গে পুলিশ ও পৌরকর্মীদের ধস্তাধস্তি শুরু হয়।
পুলিশের দাবি, পরিস্থিতি সামাল দিতে পুলিশকর্মীরা ভবনের ভিতরে প্রবেশ করে বিলবোর্ডটি খুলে দেয়। রাস্তার দিকে মুখ করা ভবনের উপরতলায় একটি লোহার কাঠামোর উপর বিলবোর্ডটি লাগানো ছিল। পরে সেটি পৌরসভার কর্মীরা খুলে ফেলেন।
তবে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন পুলিশের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, বেসরকারি নিরাপত্তারক্ষীরা পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করেননি। তারা শুধুমাত্র ভবনের প্রবেশপথে দায়িত্ব পালন করছিলেন। পুলিশের বিরুদ্ধে তিনি ‘অবৈধ’ নোটিশ নিয়ে দপ্তরে ঢোকার, দলের প্রবীণ নেতাদের সঙ্গে দুর্ব্যবহার এবং কর্মী-সমর্থকদের হেনস্তার অভিযোগও তোলেন।
অন্যদিকে, ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে যুক্ত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিষেক ব্যানার্জিকে পাঠানো নোটিশও সেই তদন্তেরই অংশ।
TMC
বিলবোর্ড সরানো নিয়ে দফায় দফায় সংঘর্ষ, অভিষেক ব্যানার্জিকে পুলিশের নোটিশ
×
Comments :0