TMC

প্রাক্তন কাউন্সিলরকে কটাক্ষ করে ফ্লেক্স তৃণমূল কার্য্যালয়ে

রাজ্য কলকাতা

তৃণমূলের পার্টি অফিস। সেই পার্টি অফিসের বাইরেই জেলে যাওয়া দলের প্রাক্তন কাউন্সিলরকে কটাক্ষ করে ফ্লেক্স। ঘটনা কলকাতা পৌরসভার ১০৫ নম্বর ওয়ার্ড। হালতু অঞ্চল। 
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতা পৌরসভার ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর (রানা) গ্রেপ্তার হন। তোলাবাজি সহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করে গড়ফা থানার পুলিশ। জেলে থাকার পর বর্তমানে তিনি জামিনে। এলাকায় সেই ভাবে আর তাকে দেখা যায় না। সক্রিয় ভাবে দলও করতে দেখা যায় না। এই পরিস্থিতিতে তাকে কটাক্ষ করে পাশের ওয়ার্ডে পড়লো ফ্লেক্স। তাও আবার তৃণমূল কার্য্যালয়ে।
পাশে জ্বলজ্বল করছে জোড়া ফুলের পতাকা। তার পাশে ফ্লেক্সে অরিজিৎ দাস ঠাকুরের ছবি দিয়ে লেখা ‘কথা দিয়েছিলাম কথা রেখেছি। তোলা তুলেছি, জেল খেটেছি।’ বোঝাচ্ছে প্রাক্তন কাউন্সিলর নিজেই তার ‘গুনের’ কথা বলছেন।
তৃণমূল দপ্তরের পাশে এই ফ্লেক্স ঘিরে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। কে বা কারা এই কাজ করেছে তা বোঝা যাচ্ছে না। নীচে কোন ব্যাক্তি বা সংগঠনের নামও লেখা নেই। যার পার্টি অফিসের বাইরে এই ফ্লেক্স সেই তরুণ মণ্ডল এবং তার লোকজন এলাকায় নেই।
তরুণ মণ্ডল ছিলেন ১০৫ এর কাউন্সিলর পরে তার স্ত্রী সুশীলা মণ্ডল হন কাউন্সিলর। এই দুজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোন উত্তর পাওয়া যায়নি। স্থানীয় তৃণমূল কর্মীরা কেউ মুখ খুলতে চাইছে না। তাদের কথায় তারা জানে না কে বা কারা করেছে।
তবে যার অফিসের বাইরে এই ফ্লেক্স সেই তরুণের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। তোলাবাজি, বেআইনি নির্মান, বিরোধীদের ওপর আক্রমণ। ২০১৭ সালে এসএফআই দক্ষিণ ২৪ পরগনা জেলা সম্মেলনের প্রতিনিধি মিছিলে ওপর হামলা হয়েছিল তার নেতৃত্বে। আহত হয়েছিলেন অনেকে। পরে আহতদের বিরুদ্ধে দায়ের হয় মিথ্যা মামলা। ২০১১ সালের পর থেকে ১০৫ জুড়ে চলেছে সন্ত্রাস। সেই তরুণের বিরুদ্ধেও দায়ের হয়েছিল অভিযোগ কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। সম্প্রতি তার বাড়িতে যায় গড়ফা থানার প্রতিনিধিরা। তারপর আর কিছু হয়নি।

Comments :0

Login to leave a comment