পেলেট-গানে আহত এক যুবকের অভিযোগের ভিত্তিতে এফআইআর নিতে পুলিশ অস্বীকার করেছে এই অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানার বাইরে ধর্ণায় বসলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তার সঙ্গে ছিলেন ১৯ বছরের সাহিল লোচাব, যিনি অভিযোগ অনুযায়ী ২০ জুলাইয়ের জেন-জি বিক্ষোভে পেলেট-গানের আঘাতে আহত হন।
শুক্রবার সাহিলকে সঙ্গে নিয়ে পার্লামেন্ট স্ট্রিট থানায় পৌঁছান রাহুল। তাকে থানায় ঢুকতে দেখা যায় সাহিল-সহ কয়েকজনের সঙ্গে। অভিযোগ, পুলিশ এফআইআর দায়ের করতে রাজি না হওয়ায় থানার বাইরে বসে প্রতিবাদ শুরু করেন কংগ্রেস সাংসদ।
কংগ্রেসের দাবি, ২০ জুলাইয়ের ‘সংসদ চলো’ কর্মসূচির সময় র্যা পিড অ্যাকশন ফোর্স -এর সদস্যরা পেলেট গান ব্যবহার করেছিলেন। বিক্ষোভের পরের দিনগুলিতে একাধিক আন্দোলনকারীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ার পর থেকেই এই অভিযোগ সামনে আসে।
যদিও দিল্লি পুলিশ বারবার পেলেট গান ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, ঘটনায় সিআরপিএফ-এর ভূমিকা নিয়ে এখনও স্পষ্ট কোনও বক্তব্য সামনে আসেনি।
২০ জুলাই সংসদের দিকে মিছিল করার চেষ্টা করেন কয়েকশো পড়ুয়া। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তৎকালীন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা ‘সংসদ চলো’ কর্মসূচি নিয়েছিলেন। সেই মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ এবং হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার কয়েক দিন পরেই তৎকালীন শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দেন।
পেলেট-গান ব্যবহারের অভিযোগ এবং এফআইআর দায়ের না করার বিষয়টি সামনে আসায় ঘটনাটি ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। রাহুল গান্ধীর থানার বাইরে ধর্ণায় বসার ঘটনাও সেই বিতর্ককে আরও তীব্র করেছে।
Rahul Gandhi
পেলেট-গানকাণ্ডে এফআইআর না নেওয়ার অভিযোগ, থানার বাইরে রাহুল গান্ধীর ধর্ণা
×
Comments :0