Ram Mandir Theft

রাম মন্দির অনুদান কেলেঙ্কারিতে নতুন মোড়, জাল রসিদ ছাপিয়ে ভক্তদের কাছ থেকেও টাকা তোলার অভিযোগ

জাতীয়

অযোধ্যার রাম মন্দিরের অনুদান তছরুপ মামলার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-র তদন্তে উঠে এসেছে, শুধু অনুদানের অর্থ আত্মসাৎই নয়, জাল রসিদ ব্যবহার করে ভক্তদের কাছ থেকেও টাকা আদায় করত অভিযুক্তরা। তদন্তকারীরা শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর নাম ও লোগোযুক্ত একাধিক পুরনো জাল অনুদান রসিদের বই উদ্ধার করেছেন বলে সূত্রের খবর।
তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদেই এই চক্রের হদিস পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত এই মামলায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন রামশঙ্কর যাদব ওরফে টিন্নু যাদব, যিনি ট্রাস্টের প্রাক্তন সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত। বিতর্কের জেরে গত সপ্তাহেই সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দেন চম্পত রাই।
এসআইটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করেছে যে, জাল অনুদান রসিদ দিয়ে তারা বহু ভক্তের কাছ থেকে টাকা সংগ্রহ করত। উদ্ধার হওয়া রসিদগুলির নকশা, ট্রাস্টের লোগো এবং অন্যান্য বিবরণ আসল রসিদের সঙ্গে এতটাই মিল ছিল যে সাধারণ ভক্তদের পক্ষে প্রতারণা বুঝে ওঠা কার্যত অসম্ভব ছিল।
তদন্তে জানা গিয়েছে, প্রথমদিকে এই জাল রসিদ দিয়েই অনুদান গ্রহণের প্রমাণ হিসেবে ভক্তদের হাতে স্লিপ তুলে দেওয়া হতো। তবে এই পদ্ধতিতে ঠিক কত টাকা আত্মসাৎ করা হয়েছে, তা এখনও নিশ্চিত করতে পারেনি এসআইটি।
পরবর্তীকালে রাম মন্দির কর্তৃপক্ষ অনলাইন রসিদ ব্যবস্থা চালু করলে এই জাল রসিদের ব্যবহার বন্ধ হয়ে যায়। এরপর থেকে অধিকাংশ ভক্ত সরাসরি মন্দিরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনুদান পাঠাতে শুরু করেন অথবা মন্দির চত্বরে থাকা অনুমোদিত অনুদান কাউন্টার থেকে সরকারি রসিদ সংগ্রহ করেন।
এদিকে তদন্তে আরও জানা গিয়েছে, অনুদান গণনার কাজে যুক্ত ছয় কর্মী দীর্ঘদিন ধরে ধাপে ধাপে প্রায় ২ থেকে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে প্রাথমিকভাবে অনুমান এসআইটির। তদন্তকারীদের দাবি, সিসিটিভি নজরদারির ফাঁকফোকর এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকে কাজে লাগিয়েই এই তছরুপের ঘটনা ঘটানো হয়।
এসআইটি এখন জাল রসিদ চক্রের পরিধি, আত্মসাৎ হওয়া মোট অর্থের পরিমাণ এবং এই ঘটনায় আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

Comments :0

Login to leave a comment