অযোধ্যার রাম মন্দিরের অনুদানের অর্থ তছরুপের অভিযোগে গ্রেপ্তার তিন অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ২৪ ঘণ্টার পুলিশি হেপাজতে পাঠানো হয়েছে। বুধবার সকালে আদালতের নির্দেশ অনুযায়ী জেলা জেল থেকে অনুকল্প মিশ্র, লাভকুশ মিশ্র এবং করুণেশ পাণ্ডেকে নিজেদের হেপাজতে নেয় পুলিশ।
সরকারি সূত্রের খবর, তদন্তকারী অফিসার তথা অযোধ্যার সার্কেল অফিসার আশুতোষ তিওয়ারি বুধবার সকাল প্রায় ৭টা নাগাদ তিন অভিযুক্তকে জেলা জেল থেকে বের করে নিয়ে যান। এরপর তাদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ শুরু হয়। মঙ্গলবার বিশেষ দুর্নীতি দমন আদালত (অ্যান্টি-করাপশন) ২৪ ঘণ্টার পুলিশি হেপাজতের অনুমতি দেয়, যা বুধবার সকাল ৭টা থেকে কার্যকর হয়েছে।
তদন্তকারী সংস্থার দাবি, তদন্তে নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সামনে এসেছে। সেই সূত্র ধরেই অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি, অভিযুক্তদের দেখানো বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তছরুপ হওয়া নগদ অর্থ এবং মামলার সঙ্গে যুক্ত অন্যান্য সামগ্রী উদ্ধারেরও পরিকল্পনা রয়েছে পুলিশের।
প্রসিকিউশনের দাবি, ইতিমধ্যেই গ্রেপ্তার হওয়া অন্য অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে যে তথ্য ও প্রমাণ মিলেছে, তার মুখোমুখি করতেই এই তিনজনকে পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল।
এর আগে এই মামলায় বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-এর চিহ্নিত মূল অভিযুক্ত অবিনাশ শুক্লাকেও পুলিশি হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, অনুদান তছরুপের চক্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
উল্লেখ্য, অযোধ্যার রাম মন্দিরের অনুদানের অর্থ চুরির অভিযোগে এখনও পর্যন্ত মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি) পৃথকভাবে গোটা ঘটনার তদন্ত করছে।
এসআইটির প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্র ৪০ দিনের মধ্যে অনুদান চুরির প্রায় ৭০টি সন্দেহজনক ঘটনার হদিস মিলেছে। তদন্তকারীরা অভিযুক্তদের ভূমিকার পাশাপাশি মন্দিরের অনুদান গণনার প্রক্রিয়া এবং নিরাপত্তা ব্যবস্থায় কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখছেন।
Ram Mandir Theft
রাম মন্দির অনুদান তছরুপ মামলায় তিন অভিযুক্তকে ২৪ ঘণ্টার পুলিশি হেপাজত, চলছে জিজ্ঞাসাবাদ
×
Comments :0