Kashmir

দীর্ঘ ভিডিও কলে আত্মসমর্পণের আবেদন, শেষ পর্যন্ত নিহত লস্কর কমান্ডার লতিফ ভাট

জাতীয়

দীর্ঘক্ষণ ধরে ভিডিও কল, বারবার আত্মসমর্পণের আবেদন, এমনকী আত্মসমর্পণ করলে প্রাণে বাঁচিয়ে দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছিল। কিন্তু কোনও কিছুতেই রাজি হলেন না জম্মু-কাশ্মীরের কুলগামের লস্কর-ই-তইবার (এলইটি) কমান্ডার লতিফ ভাট। শেষ পর্যন্ত মসজিদের ভিতরে আশ্রয় নেওয়া এই মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদীকে এনকাউন্টার করলো নিরাপত্তাবাহিনী। বুধবার কুলগামে কয়েক ঘণ্টার টানটান সংঘর্ষের পর মসজিদ থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করলে গুলিতে মৃত্যু হয় তার।
জানা গিয়েছে, বুধবার সকালে কুলগাম জেলায় একটি মসজিদের ভিতরে লুকিয়ে ছিলেন লতিফ। সেখানে তাকে ঘিরে ফেলে জম্মু-কাশ্মীর পুলিশ ও নিরাপত্তাবাহিনী। তবে মসজিদের মতো ধর্মীয় স্থানে অভিযান চালানো অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সতর্কতার সঙ্গে পদক্ষেপ করতে চাইছিল বাহিনী। মসজিদের কোনও ক্ষতি না করে কীভাবে তাকে আত্মসমর্পণে বাধ্য করা যায়, তা নিয়ে শুরু হয় দীর্ঘ আলোচনা।
কুলগামের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসএসপি) আনায়াত আলি নিজে ভিডিও কলে লতিফের সঙ্গে কথা বলেন। ৯ রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডিং অফিসারও বারবার আত্মসমর্পণের আবেদন জানান। তাকে আশ্বাস দেওয়া হয়, অস্ত্র নামিয়ে আত্মসমর্পণ করলে তাকে প্রাণে মারা হবে না। ভিডিও কলে এক আধিকারিককে বলতে শোনা যায়, ‘হাম তুমহারে সাথ হ্যায়’ অর্থাৎ আমরা তোমার সঙ্গে আছি।
কিন্তু কোনও আশ্বাসেই মন গলেনি লতিফের। আত্মসমর্পণ করতে অস্বীকার করেন তিনি। শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হওয়ায় মসজিদের ভিতরে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে নিরাপত্তাবাহিনী। পরিস্থিতির চাপে বাইরে বেরিয়ে আসেন লতিফ। সেই সময় পালানোর চেষ্টা করলে তাকে গুলি করে হত্যা করা হয়।
অভিযানের পর এসএসপি আনায়াত আলি বলেন, ‘সময় এবং দিনের আলো আমাদের পক্ষে ছিল।’ অন্যদিকে, লতিফের মৃত্যুর পর সিআরপিএফ’এর ডিজি সমাজমাধ্যমে একটি অভিনন্দনবার্তা পোস্ট করেন। 
গত সপ্তাহে কুলগামে একটি সিআরপিএফ চৌকিতে হামলার ঘটনার পর থেকেই লতিফের খোঁজে তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা সংস্থাগুলি। গত ১১ নভেম্বর আখরান এলাকায় সিআরপিএফ চৌকিতে জঙ্গিদের গুলিতে তিনজন আধাসেনা জওয়ান আহত হয়েছিলেন। ওই হামলার পিছনে লতিফ ভাট এবং তার সহযোগী উমর নিসার দারের হাত রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।
সোমবার এলাকায় একটি সংঘর্ষে উমর নিসার দার নিহত হয়। তবে সেই অভিযানের সময় পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ। এরপর থেকেই তার সন্ধানে তল্লাশি শুরু হয়। নতুন করে গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর বুধবার ভোরে দক্ষিণ কাশ্মীরের কুলগামে যৌথভাবে ঘিরে ফেলে এলাকা। জম্মু-কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর যৌথ অভিযানের সময় লতিফের সঙ্গে বাহিনীর যোগাযোগ হয়। তারপরই শুরু হয় গুলির লড়াই।
উল্লেখ্য, উপত্যকার মসজিদগুলিতে ফজরের আজান শুরু হওয়ার কিছুক্ষণ আগেই এই সংঘর্ষের সূত্রপাত। মসজিদের ভিতরে লতিফের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা চলে কয়েক ঘণ্টা ধরে।
তদন্তকারীদের দাবি, উমর নিসার দার দীর্ঘদিন ধরে লতিফকে আশ্রয় ও রসদ জুগিয়ে আসছিল। প্রায় ছ'মাস ধরে সে এই কাজে যুক্ত ছিল বলে অভিযোগ। গত ১১ নভেম্বরের হামলার আগে দু'জনে একাধিক জায়গায় রেইকি করেছিল বলেও দাবি পুলিশের। মঙ্গলবার পুলিশের প্রকাশ করা সিসিটিভি ফুটেজে ১০ নভেম্বর একাধিক এলাকায় দু'জনের গতিবিধি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে। মিরবাজার, আখরান, হাবলিশ এবং কিলাম এলাকায় ঘুরে সম্ভাব্য লক্ষ্যবস্তু চিহ্নিত করেছিল তারা বলে তদন্তকারীদের অনুমান।
পুলিশের দাবি, ২০২৫ সালের ১৮ নভেম্বর লস্কর-ই-তইবায় যোগ দিয়েছিল লতিফ ভাট। 
নিরাপত্তা আধিকারিকদের দাবি, উপত্যকায় সক্রিয় স্থানীয় সন্ত্রাসবাদীদের মধ্যে লতিফ ছিল অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাম। এমনকী, কাশ্মীরে সক্রিয় একমাত্র জীবিত স্থানীয় জঙ্গি বলেও তাকে বর্ণনা করেছিলেন আধিকারিকরা।
১১ নভেম্বরের সিআরপিএফ চৌকিতে হামলার পাশাপাশি উপত্যকার আরও কয়েকটি জঙ্গি হামলায় তার জড়িত থাকার সন্দেহ ছিল পুলিশের। গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশকর্মীদের উপর হামলায় এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় লতিফের যোগ থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ১ আগস্ট কুলগামে দুই পরিযায়ী শ্রমিককে হত্যার ঘটনাতেও তার জড়িত থাকার সন্দেহ করছিল তদন্তকারীরা।
সব মিলিয়ে বেশ কয়েক দিন ধরে চলা তল্লাশি অভিযানের পর বুধবার কুলগামে লস্কর কমান্ডার লতিফ ভাটের মৃত্যুতে শেষ হল নিরাপত্তাবাহিনীর অভিযান। তবে উপত্যকায় সাম্প্রতিক জঙ্গি হামলাগুলির পিছনে আর কারা রয়েছে, তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থাগুলি।

Comments :0

Login to leave a comment