রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দিলেন তিন বিজেপি প্রার্থী। সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য, দিলীপ ঘোষের উপস্থিতিতে বিধানসভায় রাজ্যসভার তিন আসনে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন দিলেন সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায়, প্রকাশ চিক বরাইক।
বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিন প্রাক্তন তৃণমূল সাংসদ। যোগদানের পরপরই তাদের রাজ্যসভার জন্য মনোনয়ন দেয় বিজেপি। প্রসঙ্গত, গত ৮ জুন রাজ্যসভার সদস্যপদ ও তৃণমূল ছাড়েন সুখেন্দু শেখর রায়। ১০ জুন ইস্তফা দেন সুশ্মিতা দেব এবং ১১ জুন প্রকাশ চিক বরাইক। তিন জনই তৃণমূলের টিকিটে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পরই তাঁরা দল ছাড়েন। সুখেন্দু ও প্রকাশের রাজ্যসভার মেয়াদ ২০২৯ সালের ৮ অগস্ট পর্যন্ত এবং সুশ্মিতা দেবের মেয়াদ ছিল ২০৩০ সালের ২ এপ্রিল পর্যন্ত।
এদিন সুস্মিতা দেব মনোনয়নের পর বলেন, মুখ্যমন্ত্রী আমাদের সাথে সব মন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন, এটা একটা পরিবারের বার্তা দেয়। আমি কৃতজ্ঞ আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। এরাজ্যের স্বার্থের জন্য কাজ করবো।
উল্লেখ্য নির্বাচনের আগে শমীক ভট্টাচার্য বলেছিলেন তৃণমূল থেকে কাউকে বিজেপিতে নেওয়া হবে না। তাদের জন্য দরজা বন্ধ। কিন্তু ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যে দেখা গেলো অন্য ছবি। তিনজন রাজ্যসভার প্রাক্তন সাংসদকে একসাথে দলে নিলেন শমীক, দিলেন রাজ্যসভার টিকিটও। তিনি অবশ্য বলেছিলেন ভালো তৃণমূলের জন্য দরজা খোলা থাকবে।
এদিন শমীক বিধানসভায় দাঁড়িয়ে দাবি করেন বিজেপির তৃণমূলীকরণ হবে না। এই তিনজনের যোগদান ব্যাতিক্রমী, তৃণমূল থেকে কেউ এলে নেওয়া হবে না। শমীক ভট্টাচার্য এই কথা বললেও দিলীপ ঘোষের মুখে ছিল অন্য কথা। তিনি স্পষ্টই বলেন তৃণমূল থেকে লোক না এলে দল বড় হবে না। শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়কের উদাহরণও দেন তিনি। দিলীপ বলেন, ‘তৃণমূলের প্রাক্তনী আমাদের মুখ্যমন্ত্রী। দলের সংবিধানে লেখা নেই অন্য দল থেকে নেওয়া যাবে কি যাবে না।’
Rajya Sabha Elections
রাজ্যসভায় বিজেপির হয়ে মনোনয়ন পেশ তিন প্রাক্তন তৃণমূলের
×
Comments :0