Dlephants Death

উত্তরবঙ্গের দুজাগায় পরপর দুটি হাতির রহস্য মৃত্যু

জেলা

আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় দুটি হাতির মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারবিশা রেঞ্জের শিলবাংলা বিটের লেপ্রাগুড়ি বনবস্তিতে একটি পূর্ণবয়স্ক বন্য হাতির রহস্যজনক মৃত্যু হয়েছে। জলপাইগুড়ির পাহাড়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার তিস্তার চরে আরেকটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। দুটি হাাতির মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায়। 
বৃহস্পতিবার দুপুরে তিস্তার চরে স্থানীয় বাসিন্দারা হাতিটির মৃতদেহ পড়ে থাকতে দেখে বনদপ্তর ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি বন বিভাগের কর্মীরা। হাতিটির মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রাথমিকভাবে বজ্রপাতে মৃত্যু হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। 
এদিন সকালে শিলবাংলা বিটের লেপ্রাগুড়ি বনবস্তির বাসিন্দারা একটি হাতির দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরা বন দপ্তরকে খবর দিলে আধিকারিক ও বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে তদন্ত শুরু করেন। প্রাথমিকভাবে হাতিটির মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহের করা হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। হাতিটির দেহ উদ্ধারের পাশাপাশি আশপাশের এলাকায়ও তল্লাশি চালানো হচ্ছে, যাতে অন্য কোনও অস্বাভাবিক ঘটনার সূত্র পাওয়া যায়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বন দপ্তর জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 
তিস্তা চরের স্থানীয়রা জাানিয়েছেন, গত কয়েকদিন ধরেই বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে প্রায় ৮০ থেকে ১০০টি হাতির একটি দল তিস্তা সংলগ্ন বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছিল। উদ্ধার হওয়া হাতিটি সেই দলের সদস্য কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। বনদপ্তর জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে দুটি হাতির মৃত্যুর কারণ সম্পর্কে কোনও চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়।

Comments :0

Login to leave a comment