আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে দলের সাংগঠনিক দায়িত্বে রদবদল করলো বিজেপি। মঙ্গলবার দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন তিন রাজ্যের জন্য নতুন ইনচার্জ ও কো-ইনচার্জ নিয়োগ করেছেন।
দলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যসভার সাংসদ বিনোদ তাওড়েকে উত্তরপ্রদেশের ইনচার্জ করা হয়েছে। তার সঙ্গে কো-ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন সদ্য নিযুক্ত জাতীয় সম্পাদক জগদীশ ঈশ্বরভাই প্যাটেলকে।
পাঞ্জাবে দলের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সাংসদ সতীশ পুনিয়াকে। অন্যদিকে, রাজ্যসভার সাংসদ তরুণ চুঘকে গুজরাটের দলীয় কাজের ইনচার্জ করা হয়েছে।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিয়োগগুলি অবিলম্বে কার্যকর হবে। অন্যান্য রাজ্যের ইনচার্জদের নিয়োগ পরবর্তী সময়ে করা হবে। ততদিন সংশ্লিষ্ট রাজ্যগুলিতে বর্তমান প্রভারী ব্যবস্থাই বহাল থাকবে।
বিজেপি সূত্রে খবর, আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই সাংগঠনিক রদবদল করা হয়েছে। উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে আগামী বছরের গোড়ার দিকে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। অন্যদিকে গুজরাটে নির্বাচন হবে ২০২৭ সালের শেষের দিকে।
নির্বাচনের আগে তিন গুরুত্বপূর্ণ রাজ্যে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং ভোটের প্রস্তুতিতে গতি আনতেই এই নিয়োগ বলে মনে করা হচ্ছে।
তিন রাজ্যের দায়িত্ব বণ্টনের একদিন আগেই বিজেপির জাতীয় সংগঠনে বড়সড় রদবদল করেছিলেন দলের সভাপতি নীতিন নবীন। নতুন জাতীয় দলে একাধিক নতুন মুখকে জায়গা দেওয়া হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে জাতীয় সাধারণ সম্পাদক এবং প্রাক্তন আরএসএস নেতা রাম মাধবকে জাতীয় সহ-সভাপতি করা হয়েছে।
নতুন কমিটিতে জাতীয় সহ-সভাপতির সংখ্যা ১১ থেকে বেড়ে হয়েছে ১৩। তাদের মধ্যে ৯ জনই নতুন মুখ। জাতীয় সাধারণ সম্পাদকের সংখ্যাও ৭ থেকে বেড়ে হয়েছে ৮।
এছাড়া বিজেপির নতুন জাতীয় দলে রয়েছেন ১৬ জন জাতীয় সম্পাদক। আগের কমিটিতে এই সংখ্যা ছিল ১১।
নতুন জাতীয় দলে বিনোদ তাওড়ে এবং সুনীল বনসল এই দু’জন জাতীয় সাধারণ সম্পাদককেই বহাল রাখা হয়েছে। রাজস্থানের প্রাক্তন বিজেপি সভাপতি সতীশ পুনিয়া জাতীয় সাধারণ সম্পাদক হিসেবে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন।
দলীয় সূত্রের দাবি, সংগঠন পরিচালনায় তাওড়ে ও বনসলের সাফল্যের কথা বিবেচনা করেই তাদের উপর আস্থা রেখেছে বিজেপি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের সাফল্যের পিছনে সুনীল বনসলের সাংগঠনিক ভূমিকার কথাও নেতৃত্ব গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে বলে সূত্রের খবর।
এদিকে রাজ্যসভার সাংসদ অরুণ সিংয়ের জায়গায় বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের ইনচার্জ করা হয়েছে রাজ্যসভার সাংসদ তরুণ চুঘকে। ভোটমুখী তিন রাজ্যে নতুন দায়িত্ব বণ্টনের পর এবার অন্যান্য রাজ্যেও দলের প্রভারী পদে রদবদলের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।
BJP
ভোটমুখী উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও গুজরাটে বিজেপির দায়িত্ব বণ্টন, ইনচার্জ নিয়োগ নীতিন নবীনের
×
Comments :0