Sonam Wangchuk

ওয়াংচুকের শারীরিক অবস্থা স্থিতিশীল, জানালো হাসপাতাল

জাতীয়

টানা ২১ দিনের অনশনের পর শনিবার সকালে সমাজকর্মী সোনম ওয়াংচুককে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ এবং চিকিৎসকদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
হাসপাতাল সূত্রে প্রকাশিত প্রথম স্বাস্থ্য-বুলেটিনে জানানো হয়েছে, শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে সোনম ওয়াংচুককে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিনের উপবাস এবং শরীরে জলশূন্যতার কারণে তিনি অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন। যদিও বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে তাকে নিবিড় পর্যবেক্ষণ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার আওতায় রাখা হয়েছে।
নিটের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ দিন ধরে অনশন চালিয়ে যাচ্ছিলেন ওয়াংচুক। অনশন দীর্ঘায়িত হওয়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে বলে চিকিৎসকরা জানান। পর্যবেক্ষণকারী চিকিৎসকদের দাবি, অনশনের জেরে তার ওজন আট কেজিরও বেশি কমে গিয়েছে।
এদিকে হাসপাতালে ভর্তি করার পর ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো চিকিৎসা সংক্রান্ত বিষয়ে পরিবারের সম্মতির দাবি জানিয়েছেন। সামাজিক মাধ্যম এক্স-এ তিনি লেখেন, সফদরজং হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় তার স্বামীকে পরিবারের এবং গত ২০ দিন ধরে তার স্বাস্থ্য পর্যবেক্ষণকারী চিকিৎসকদের সম্মতি ছাড়া চিকিৎসা করানো উচিত নয়।
পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে গীতাঞ্জলি বলেন, ‘গতকালও তিনি ভালো ছিলেন। তাকে হাসপাতালে আনার কোনও প্রয়োজন ছিল না। প্রতিবাদ করা আমার সাংবিধানিক অধিকার।’
উল্লেখ্য, দু'দিন আগেই দিল্লি হাইকোর্ট কেন্দ্রকে নির্দেশ দিয়েছিল, সোনম ওয়াংচুকের জীবন বাঁচাতে যা যা প্রয়োজন, সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে। কোর্টের সেই নির্দেশের পর গায়ের জোড়ে শনিবার সকালে ওয়াংচুককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সাদা কাপড় দিয়ে ঢেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়।
সরকারের কাছে যখন ওয়াংচুক আবেদন জানিয়ে ছিলেন আলোচনায় বসা তখন সরকার তাতে রাজি হয়নি। উল্টে গায়ের জোড়ে তাকে তুলে নিয়ে গিয়ে তার অনশন ভাঙানো হলো।

Comments :0

Login to leave a comment