ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) রবিবার স্বীকার করেছে যে ইংরেজি, বাণিজ্য সহ সমাজবিজ্ঞান বিষয়ের ইউজিসি-নেট প্রশ্নপত্রে একাধিক ভুল এবং বারবার একই প্রশ্নের পুনরাবৃত্তি দেখা গিয়েছে। দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, গবেষণা করার জন্য এই নেট (NET) পরীক্ষা নেওয়া হয়।
এনটিএ আরও জানিয়েছে যে, প্রশ্নপত্রে এতো বেশি ভুল রয়েছে যে তা সমাধান করা সম্ভব নয়। সেই কারণেই, সংস্থাটি এই তিনটি বিষয়ে আবার নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে।
সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখ নতুন করে এই তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। ৯ই সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইংরেজি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। একই দিনে বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাণিজ্য বিভাগ এবং ১০ই সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাজবিজ্ঞানের পরীক্ষা নেওয়া হবে।
তবে এর জন্য কোন ও অতিরিক্ত পরীক্ষা ফি নেওয়া হবে না বলেই জানিয়েছে সংস্থাটি।
জুন মাসে নেওয়া পরীক্ষার প্রায় সাত সপ্তাহ পর, এনটিএ ৮৭টি বিষয়ের মধ্যে ৮৪টি বিষয়ে অস্থায়ী উত্তরপত্র প্রকাশ করলেও এই তিনটি পত্রের উত্তরপত্র প্রকাশ করেনি, সেই ঘটনার কয়েক ঘণ্টা পরেই এই সিদ্ধান্তটি সামনে আনা হয় এনটিএ-র তরফে।
এনটিএ জানিয়েছে, 'একাধিক অভিযোগ' পাওয়ার পর তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করে, সেই কমিটিই 'অনেক তথ্যগত, মুদ্রণগত ও অনুবাদগত ত্রুটি' খুঁজে পেয়েছে, যার মধ্যে রয়েছে বিশিষ্ট ব্যক্তিদের নামের ভুল বানান, বইয়ের শিরোনামের বিকৃতি, ভুলভাবে প্রশ্ন করা, ব্যাকরণগত ও যতিচিহ্নের ভুল ব্যবহার সহ অপ্রচলিত পরিভাষা ব্যবহারের মতো ত্রুটি খুঁজে পেয়েছে। সেইসঙ্গে 'উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্নের' পুনরাবৃত্তিও খুঁজে পেয়েছে কমিটি ।
সংস্থাটি জানিয়েছে যে, এই মাত্রায় ত্রুটিপূর্ণ প্রশ্নপত্র একটি সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষার মানদণ্ড পূরণ করতে পারছে না, পাশাপাশি এও জানিয়েছে যে, শুধু প্রশ্ন বাদ দিলেই সমস্যাগুলো সংশোধন করা সম্ভব নয়।
এর আগে, জুন ২০২৪-এর ইউজিসি-নেট পরীক্ষা নেওয়ার একদিন পরেই সেই পরীক্ষা বাতিল করা হয়েছিল। সেই ঘটনার দুই বছর পর ফের এই ঘটনাটি ঘটল।
তবে, নতুন করে এই তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হলেও এনটিএ জানিয়েছে যে , বাকি ৮৪ টি বিষয়ের ফলাফল নির্ধারিত সময় অনুযায়ী ঘোষণা করা হবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে দেশজুড়ে ছাত্র- যুবদের ব্যাপক আন্দোলন দেখা গিয়েছিলো। তাদের সংহতি জানিয়েছিল বিভিন্ন বাম ছাত্র সংগঠন ও। সেই পরীক্ষা পরিচালনার দায়িত্বে ও ছিল এই এনটিএ-র ওপর। সুপ্রিম কোর্টে নিট পরীক্ষায় অনিয়মের মামলা চলাকালীন বিচারপতিদের ব্যাপক ভৎসনার মুখেও পরে এই সংস্থা।না দেশজুড়ে আন্দোলন চলাকালীন এই এনটিএ বাতিলের দাবিও বারংবার তোলা হয়। বারংবার পরীক্ষা পরিচালনায় অনিয়মের নজির সামনে আসার পরেও কেন এই সংস্থ্যটিকে বাতিল করা হচ্ছে না তাই নিয়েই উঠছে প্রশ্ন।
NTA admit NET question errors & orders re-test
নিটের পর এবার নেট, ফের পরীক্ষা পরিচালনায় ত্রুটি স্বীকার করে পুনঃপরীক্ষার নির্ঘন্ট প্রকাশ এনটিএ'র
×
Comments :0