লাগাতার বৃষ্টি ও বজ্রপাতের জেরে প্রাণহানির ঘটনা ঘটল ডুয়ার্সে। নাগরাকাটা ব্লকের ছাড়টন্ডু মেচপাড়া বস্তি এলাকায় বজ্রপাতে একটি হাতির মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান বনদপ্তরের।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডুয়ার্সের বিভিন্ন এলাকায় নিয়মিতই হাতির আনাগোনা থাকে। ওই এলাকায় খাবারের সন্ধানে প্রায়শই হাতি ঢুকে পড়ে। গত রবিবার বিকেলে মুষলধারে বৃষ্টির পাশাপাশি এলাকা জুড়ে চলছিল বজ্রপাত। স্থানীয়দের দাবি, সেই সময় কোনো একটি সময় খাবারের খোঁজে হাতিটি ওই এলাকায় এসেছিল।
সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা একটি ব্যক্তি মালিকানাধীন ছোট চা বাগানে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনার খবর জানাজানি হতেই স্থানীয়রা ভিড় জমান। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর বনদপ্তরের আধিকারিকরা হাতিটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
বনদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বিকেল থেকে রাতভর এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। সেই সাথে বজ্রপাতও ছিল প্রবল। তাই প্রাথমিক তদন্তে বনকর্মীদের অনুমান, বজ্রপাতের কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
Elephant Dies
বজ্রপাতে হাতির মৃত্যু নাগরাকাটায়
×
Comments :0