MADHYAMIK 2026 ​​Dooars

মাধ্যমিকে নজরকাড়া ফল, ডুয়ার্সের প্রত্যন্ত এলাকার কৃতী ছাত্রের

রাজ্য জেলা

শিক্ষকদের সঙ্গে কৃতী ছাত্র চিন্ময় বর্মন।

সোমনাথ দত্ত, মালবাজার 

প্রত্যন্ত গ্রামীণ এলাকা থেকে উঠে আসা মাধ্যমিক পড়ুয়ার নজরকারা ফলাফলে খুশি সকলে। ডুয়ার্সের চা বলয়ের পৌর শহর মালবাজার।
শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় মাল আদর্শ বিদ্যাভবনের কৃতী পড়ুয়া চিন্ময় বর্মন। ছেলেবেলা থেকেই মেধাবী চিন্ময়। মাধ্যমিক পরীক্ষায় ৯৭.৪২ শতাংশ নম্বর পেয়ে তাক লাগালো এই কৃতী পড়ুয়া। 
মালবাজার শহর লাগোয়া তেশিমলা গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধানমোড় সংলগ্ন এলাকায় বসবাস চিন্ময়ের। বাবা চা বাগানে চিকিৎসক পদে কর্মরত রয়েছেন। মা গৃহবধূ। বাড়িতে চিন্ময়ের দুই দিদিও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। প্রত্যন্ত গ্রামীণ এলাকার কৃতী পড়ুয়া চিন্ময় ছেলেবেলা থেকেই মেধাবী। মালবাজার শহরের ১৩ নাম্বার ওয়ার্ডে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ অনুমোদিত প্রণবানন্দ শিশু নিকেতনে ছেলেবেলা কেটেছে চিন্ময়ের।
পরবর্তীতে মালবাজার শহরের ঐতিহ্যবাহী বিদ্যালয় মাল আদর্শ বিদ্যাভবনে পড়াশোনা। সেখান থেকেই চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দেয় সে। চিন্ময়ের প্রাপ্ত নম্বর ৬৮২, শতাংশের হিসেবে ৯৭.৪২%, ফলাফলের নিরিখে  মালবাজার মহকুমায় সম্ভাব্য প্রথম। চিন্ময়ের বিষয়ভিত্তিক প্রাপ্ত নম্বর বাংলা -৯৭, ইংরেজি -৯৫, অংক- ৯৮, ভৌত বিজ্ঞান ৯৭, জীবন বিজ্ঞান- ৯৯, ইতিহাস- ৯৮, ভূগোল- ৯৮ । 
আগামী দিনে বিজ্ঞান নিয়ে পড়ার ইচ্ছা চিন্ময়ের। ভবিষ্যতের লক্ষ্য চিকিৎসা হবার। ইতিমধ্যেই চিকিৎসক হবার লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে সে। এদিন সকালে ফলাফল জানতে বিদ্যালয় ছুটে আসে বাবাকে নিয়ে। ফলাফল জেনেই ছুটে যায় ছেলেবেলার বিদ্যালয়ে। যে বিদ্যালয়ের আঙিনা থেকেই বড় হয়ে ওঠা সেই প্রণবানন্দ শিশু নিকেতনে দাঁড়িয়েই চিন্ময় জানালো, "একজন গৃহ শিক্ষকের কাছে বিজ্ঞানের বিষয়গুলি পড়েছি। অন্যান্য বিষয় বাড়িতেই পড়াশোনা চালিয়ে গেছি। স্কুলের শিক্ষকরা সহযোগিতা করেছেন। আগামী দিনের লক্ষ্য চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চাই।"
ছেলের ফলাফলে দারুন খুশি বাবা বীরেশ্বর বর্মন। তিনি জানালেন, ছেলের ফলাফলে দারুন খুশি। আগামী দিনে ও নিজেকে প্রতিষ্ঠিত করুক।চিন্ময়ের এহেন ফলাফলে দারুন খুশি পরিবারের সদস্য সহ মাল আদর্শ বিদ্যাভবনের শিক্ষক-শিক্ষিকা সহ চিন্ময়ের ছেলে বেলার স্কুলের শিক্ষিকারাও। এদিন দুপুরে বিদ্যালয় এসে চিন্ময় মাধ্যমিক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট সংগ্রহ করে।

Comments :0

Login to leave a comment