ভোটের পর তৃণমূল দুস্কৃতীদের সন্ত্রাসে ফলতায় অগ্নিগর্ভ পরিস্থিতি। তৃণমূলী দুস্কৃতী বাহিনীর হুমকি, অত্যাচারের বিরুদ্ধে ঘর ছেড়ে রাস্তায় নেমে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মহিলারা। প্রতিবাদে দফায় দফায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। গ্রামে শান্তি ফেরাতে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবি করেন তাঁরা।
ফলতা বিধানসভা কেন্দ্রের হাসিমনগরের বাসিন্দাদের অভিযোগ, জোর জবরদস্তি তাঁদেরকে তৃণমূলে ভোট দিতে বাধ্য করা হয়েছে। বিরোধী ভোটারদের ভোট দিতে যেতে দেওয়া হয়নি। ভোটের পর হাসিমনগরে বাড়ি বাড়ি গিয়ে মারধর ও হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনায় ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, পঞ্চায়েত প্রধান ইসরাফিল চাকদার, সুজাউদ্দিন শেখ’র গ্রেপ্তার ও ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের দাবিতে শনিবার সকাল থেকে দফায় দফায় অবরোধ বিক্ষোভ করেন গ্রামবাসীরা। ন্যায় বিচারের দাবিতে মহিলারাও পথে নামেন।
এদিকে ফলতায় তৃণমূলের সন্ত্রাসের ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত প্রধান ইসরাফিল চাকদার ও সুজাউদ্দিন শেখ’র বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। থানায় এফআইআর না হলে ওসির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে কমিশন। ক্ষুব্ধ গ্রামবাসীরা জাতীয় সড়ক অবরোধ করেন। ফলতা থানার পুলিশ লাঠিচার্জ করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা। এককাট্টা গ্রামবাসীরা বিশেষত মহিলারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। এদিন কারো ঘরে রান্না হয়নি। সারাদিন তাঁরা তৃণমূলী দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে সরব হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গ্রামে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। রাজ্য পুলিশের উপর ভরসা নেই গ্রামবাসীদের। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে তাঁরা এভাবেই বিক্ষোভ দেখাবেন বলে হুঁশিয়ারী দিয়েছেন বিক্ষোভকারী গ্রামবাসীরা।
Falta Election
উত্তপ্ত ফলতা, তৃণমূল দুস্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
×
Comments :0