Tea Garden Workers

বোনাস সহ একাধিক দাবিতে তরাইয়ের চা শ্রমিকদের গেট সভা

জেলা

নয় দফা দাবিতে তরাইয়ের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের গেট সভা হয়েছে। সভা থেকে জয়েন্ট ফোরামের সিদ্ধান্তে চা শ্রমিক আন্দোলন আরও জোরদারের আওয়াজ উঠেছে। জয়েন্ট ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার তরাইয়ের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের ৯ দফা দাবিকে সামনে রেখে গেট সভাগুলি সংগঠিত হয়। চা বাগানের শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা, ন্যায্য মজুরি, শ্রমিকের অধিকার এবং চা শিল্পের সঙ্কটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয় এদিনের সভা থেকে। বাগানে বাগানে গেট সভায় দাবি উঠেছে সরকার ঘোষিত বোনাস সংক্রান্ত অ্যাডভাইজরি অনুযায়ী সর্বত্র একই সঙ্গে ২০ শতাংশ হারে বোনাস দিতে হবে। কোনো অজুহাতেই শ্রমিকদের প্রাপ্য বোনাস নিয়ে টালবাহানা বা বিভাজন মেনে নেওয়া হবে না। পাশাপাশি চা শ্রমিকদের ন্যূনতম মজুরি অবিলম্বে কার্যকর করা, অতিরিক্ত কাঁচা পাতার মূল্য প্রদান, এলটিএ অ্যাডিশনার প্রাইস, চা বাগানের শ্রমিকদের বসত জমি ও জমির অধিকার নিশ্চিত করা, বন্ধ ও দূর্বল চা বাগানগুলির শ্রমিকদের স্বার্থ রক্ষা সহ শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি পূরণের জন্য সরকার ও মালিকপক্ষের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানান বক্তারা। তাঁরা বলেন, চা শ্রমিকরা বছরের পর বছর ধরে শ্রম দিয়ে চা শিল্পকে টিকিয়ে রেখেছেন। অথচ শ্রমিকদের মজুরি, জমির অধিকার, সামাজিক নিরাপত্তা এবং অন্যান্য ন্যায্য পাওনা নিয়ে দীর্ঘসূত্রিতা চলছে। উৎসবের মরশুমে শ্রমিকদের বোনাস নিয়েও যদি কোনো ধরনের টালবাহানা করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেওয়া হবে। তরাইয়ের মোহরগাঁও, গুলমা, ফুলবাড়ি-পতন, মেরিভিউ, গয়াগঙ্গা, নকশালবাড়ি এবং বিজয়নগর সহ বিভিন্ন চা বাগানে গেট সভাগুলিতে বক্তব্য রাখেন চা শ্রমিক আন্দোলনের নেতা গৌতম ঘোষ, রাজু সরকার, সৌগত পাল, বিকাশ চক্রবর্তী, সুবীর পাল, সালকু ওঁরাও, অরুণ বারা, প্রতাপ কুজুর, ঝরিয়া ওঁরাও, সুষমা লাকড়া, রথীন মুখার্জি প্রমুখ। প্রতিটি বাগানেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনের প্রতি গভীর সমর্থনের প্রকাশ ঘটিয়েছে। আগামী দিনে জয়েন্ট ফোরামের কর্মসূচিকে আরও শক্তিশালী করার জন্য প্রতিটি চা বাগানে শ্রমিকদের ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। 

Comments :0

Login to leave a comment