Asian Para Games

শতপদকের লক্ষ্যে ভারত পতাকাবাহক প্রমোদ ও সিমরন

জেলা

এশিয়ান প্যারা গেমসে ১০০টি পদক জয়ের লক্ষ্যে নামছে ভারত। প্রতিযোগিতায় ভালো ফল করার ব্যাপারে আশাবাদী ভারতীয় শিবির। প্যারা অ্যাথলেটিক্সকে পদক জয়ের অন্যতম প্রধান ক্ষেত্র হিসেবে দেখছে ভারত। অন্য দিকে, জাপানের আইচি-নাগোয়ায় রবিবার প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করলেন প্যারালিম্পিক্সে সোনাজয়ী প্রমোদ ভগত এবং সিমরন শর্মা।
প্যারা অ্যাথলেটিক্সের প্রধান কোচ সত্যনারায়ণ জানিয়েছেন, ভারতীয় অ্যাথলিটরা ভাল ছন্দে রয়েছেন। তিনি বলেন, “আমরা ভারতের জন্য প্রায় ১০০টি পদক জয়ের লক্ষ্য নিয়েছি। আমাদের বিশ্বাস, অ্যাথলিটদের সেই ক্ষমতা ও মানসিক দৃঢ়তা রয়েছে।”
পদক জয়ের অভিযানে প্যারা অ্যাথলেটিক্স গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন কোচ। তাঁর আশা, সোমবার অ্যাথলেটিক্স থেকে ছ’টি পদক পেতে পারে ভারত। তার মধ্যে দু’টি থেকে তিনটি সোনা আসার সম্ভাবনা রয়েছে।
পুরুষদের হাই জাম্পে ভারতের অন্যতম ভরসা নিশাদ কুমার। দু’বারের প্যারালিম্পিক্স রুপোজয়ী এই অ্যাথলিট ভাল ছন্দে রয়েছেন বলে জানিয়েছেন সত্যনারায়ণ। সত্যনারায়ণের কথায়, “নিশাদ কুমারকেও ভাল দেখাচ্ছে। আমরা আশা করছি, ও নিজের ব্যক্তিগত সেরা পারফরম্যান্স করবে এবং গেমসের রেকর্ডও ভাঙতে পারে।”
এ দিকে, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতীয় দলের পতাকাবাহক হওয়ার কথা ছিল টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনা প্যাটেলের। কিন্তু সোমবার, ১৯ অক্টোবর তাঁর গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। তাঁর বিশ্রাম ও প্রস্তুতিকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত বদল করা হয়। পরিবর্তে প্রমোদ ভগত ও সিমরন শর্মাকে পতাকাবাহকের দায়িত্ব দেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রসঙ্গে সত্যনারায়ণ বলেন, “১৯ অক্টোবর ভাবিনার কোয়ার্টার ফাইনাল ম্যাচ রয়েছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ওর পর্যাপ্ত বিশ্রাম ও সুস্থ হয়ে ওঠার সময় পাওয়া জরুরি। হুইলচেয়ার অ্যাথলিট হিসেবে অনুষ্ঠানের জায়গায় যাওয়া-আসায় প্রায় ছ’ঘণ্টা সময় লাগত। এতে ওর পক্ষে পর্যাপ্ত বিশ্রাম নেওয়া কঠিন হয়ে পড়ত।”
প্রমোদ ভগত ও ভাবিনা প্যাটেল ভারতের পদক জয়ের অন্যতম ভরসা। প্যারা ব্যাডমিন্টন ও প্যারা অ্যাথলেটিক্সে ভাল ফলের আশা করছে ভারতীয় দল।

Comments :0

Login to leave a comment