Justice for Abhaya

অভয়ার বিচারের দাবিতে নাগরিক সভা রায়গঞ্জ, জলপাইগুড়িতেও

জেলা

জলপাইগুড়ি নাগরিক সংসদের আহ্বানে নাগরিক সভা।

আর কবে মিলবে আর জি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ-হত্যাকাণ্ডের বিচার। কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় সেই প্রশ্নেই পথে নামলেন নাগরিকরা। সর্বত্র কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রতিবাদী চিকিৎসকরাও।

রবিবার নাগরিক সভা রায়গঞ্জে ঘড়ি মোড়ে। 

রবিবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ঘড়ি মোড়ে অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনে নামার আহ্বান জানিয়েছে নাগরিক সভা।  প্রতিবাদীরা বলেছেন, ঘটনার  দীর্ঘ দু’বছর পরও বিচার মেলেনি। ঘড়ি মোড়ে অভয়া চত্বর মঞ্চে অন্যতম আহ্বায়ক ডাঃ দেবব্রত রায় প্রশ্ন তুলেছেন, এ আগুন নিভে যাবে সেই দিন, যে দিন অভয়ার প্রকৃত বিচার পাবেন সেই পরিবার। 
এদিকে ঘটনায় যুক্ত সমস্ত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারী-নিরাপত্তা, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার দাবিতে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানানো হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি নাগরিক সংসদের উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যা থেকে কদমতলা মোড়ে প্রতিবাদ সভা ও প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত পর্যন্ত চলে কর্মসূচি।
সভায় প্রাক্তন বিধায়ক গোবিন্দ রায়, চিকিৎসক মানব ঘোষ, চিকিৎসক নিরঞ্জন হালদার, বিশিষ্ট শিক্ষক শৈবাল চক্রবর্তী, জলপাইগুড়ি সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা অপর্ণা বাগচি, আর ওয়াই এফ-এর রাজ্য সম্পাদক আদিত্য জোয়ারদার-সহ বিশিষ্টরা বক্তব্য রাখেন।
সভাপতি চিকিৎসক পান্থ দাশগুপ্ত বলেন, “অভয়ার হত্যার প্রকৃত ঘটনা সামনে আনতে হবে। খুনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত সমস্ত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। স্মৃতি নয়, প্রতিবাদই আমাদের অঙ্গীকার—নীরবতা নয়, প্রতিবাদই আমাদের পথ।” তিনি সমস্ত মানুষকে এই আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

Comments :0

Login to leave a comment