Lenin's statue Garbeta

গড়বেতায় ফের ভাঙ্গা হলো লেনিনের মূর্তি

রাজ্য জেলা

ফের ভাঙ্গা হলো লেনিনের মূর্তি। এবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের জেলার গড়বেতার আমলাগড়া। ৮০ দশকে এই মূর্তি এখানে বসানো হয়। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর মূর্তিটির মাথা ভেঙ্গে ফেলা হয়। পুনরায় এলাকার সিপিআই(এম) ও বামপন্থী মানুষদের উদ্যোগে ফের স্থাপন করা হয় মূর্তিটি। ২০১৬ সালে ফের ভাঙ্গা হয় ওই মূর্তিটি।

স্থানীয় সিপিআই(এম) নেতৃবৃন্দের অভিযোগ, "শুক্রবার রাতে মূর্তিটি ভেঙ্গে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মূর্তির আসে পাশে বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। এর থেকেই স্পষ্ট উগ্র হিন্দুত্ববাদীরা এই কাজ করেছে।"
প্রাথমিক ভাবে থানায় অভিযোগ জানানো হয়েছে।   
সিপিআই(এম) পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক বিজয় পাল বলেছেন, "এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিজেপি সংখ্যাগরিষ্টতা পাওয়ার পরই মুর্শিদাবাদের জিয়াগঞ্জ দিয়ে শুরু করেছে। তার আগে কলকাতা যাদবপুরে লেনিনের মূর্তিতে গেরুয়া আবির লাগানো হয়েছে। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় এই নিয়ে তিন বার ভাঙ্গা হলো লেনিন মূর্তি। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এই মূর্তি ভাঙ্গা হয়। ২০১৬ সালে ফের ভাঙ্গা হয় এই মূর্তিটি। এখন বিজেপি ক্ষমতায় আসার পর আবারও এই মূর্তি ভাঙ্গলো।" 
তিনি আরও বলেন, "আরএসএস-বিজেপি লেনিনের আদর্শকে ভয় পায়। তাই বারংবার লেনিন মূর্তিতে আক্রমণ করে। এত দিন মুখোশের আড়াল থেকে আঘাত করেছে আরএসএস বিজেপি। এখন লড়াই মুখোমুখি।"

Comments :0

Login to leave a comment