কর্মরত প্রাথমিক শিক্ষকদের ‘টেট’ পরীক্ষায় বসার বাধ্যবাধকতা থেকে ছাড় দিতে হবে। সারা রাজ্যের পাশাপাশি এই দাবি উঠেছে বিনপুরে প্রাথমিক শিক্ষকদের সম্মেলনে
রবিবার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি (এবিপিটিএ)‘র বিনপুর-২ চক্রের ৩৮ তম বার্ষিক সম্মেলন রবিবার অনুষ্ঠিত হলো শিলদায়। শিলদার ‘কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগর’ এবং তরুণ সংঘের ‘শহীদ মঞ্চে’ আয়োজিত এই সম্মেলনে অংশগ্রহণ করেন মোট ৬৯ জন প্রতিনিধি।
উল্লেখ্য, সুপ্রিম কোর্ট সব শিক্ষকদের ‘টেট’ পরীক্ষায় বসা বাধ্যতামূলক করেছে। অবসরের কাছে রয়েছেন প্রবীণ এমন বহু শিক্ষক যাঁদের নিযুক্তির সময় এই পরীক্ষা চালুই ছিল না। তাঁদের ভিন্ন প্রক্রিয়ায় যোগ্যতার প্রমাণ দিয়ে শিক্ষকের চাকরি পেতে হয়েছে। কেন্দ্রের সরকারও এই নির্দেশকে অকেজো করতে অর্ডিন্যান্স জারির পথে যায়নি। সংসদে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্নও উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে এই নির্দেশিকার বাস্তব সমস্যা তুলে ধরে প্রতিবাদ জানাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা।
এদিনের সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের জেলা সভাপতি গৌতম বেজ। সম্মেলনে সভাপতিত্ব করেন অভিজিৎ সরকার। প্রতিনিধি অধিবেশনে বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্কট এবং শিক্ষকদের ধারাবাহিক বঞ্চনার বিষয়গুলো আলোচিত হয়।
আলোচনায় অংশ নিয়ে প্রতিনিধিরা কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের ‘টেট’ পরীক্ষায় বসার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার জোরালো দাবি তোলেন। পাশাপাশি, গ্রান্ট-ইন-এইড , কর্মচারীদের বকেয়া মহার্ঘভাতা প্রদান এবং রাজ্যে শিক্ষার উপর নেমে আসা সার্বিক আক্রমণের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর ও জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয় এদিনের সম্মেলন থেকে।
সম্মেলনে বক্তব্য রাখেন গণ আন্দোলনের বিশিষ্ট নেতা গুরুপদ নন্দী। সম্মেলনের সমাপ্তি ভাষণ দেন জেলা সম্পাদক রূপক মন্ডল।
প্রাথমিক শিক্ষকদের দাবি আদায় এবং আগামী দিনের লড়াই-আন্দোলনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এদিনের সম্মেলন থেকে সর্বসম্মতিক্রমে ১৭ জনের একটি নতুন চক্র কমিটি গঠিত হয়। নবগঠিত চক্র কমিটির প্রথম সভা থেকে সভাপতি হিসেবে কমরেড সঞ্জিত সরেন, সম্পাদক হিসেবে কমরেড বিভাষ পাল এবং কোষাধ্যক্ষ হিসেবে কমরেড অধীর পাল নির্বাচিত হয়েছেন।
ABPTA Binpur TET
কর্মরত শিক্ষকদের ‘টেট’ থেকে অব্যাহতির দাবি বিনপুরে এবিপিটিএ-র সম্মেলনে
বিনপুরে এবিপিটিএ’র সম্মেলন।
×
Comments :0