Kaliachak Border Agricultural Workers Convention

কালিয়াচকে কাঁটাতারের বেড়ার এলাকায় খেতমজুর ইউনিয়ন, প্রচার কনভেনশনের

জেলা

কালিয়াচক-৩ ব্লকের সীমান্ত এলাকার বাড়ি বাড়ি প্রচারে সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন

উৎপল মজুমদার: মালদহ

নাম বাদ গিয়েছে ভোটার তালিকায়। তার ওপর চাষাবাদের সমস্যা রয়েছেই। সীমান্ত এলাকার কৃষক এবং খেতমজুরদের সমস্যা নিয়ে হবে কনভেনশন। মালদহে সেই কনভেনশনের প্রচারে কালিয়াচক-৩ ব্লকের সীমান্ত এলাকার বাড়ি বাড়ি পৌঁছালো সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়ন।  
মালদহ জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বসবাসকারী কৃষক খেতমজুর ও প্রান্তিক শ্রমজীবী দরিদ্র মানুষের জরুরি সমস্যা সমাধানের লক্ষ্যে কনভেনশন হবে ১ অক্টোবর। সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের মালদহ জেলা কমিটির উদ্যোগে আগামী ১ অক্টোবর মালদহ টাউন হলে হবে কনভেনশন। যোগ দেবেন সারা ভারত খেতমজুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সরদার, বিধায়ক মোস্তাফিজুর রহমান, গণআন্দোলনের নেতা সুমিত দে, কৌশিক মিশ্র সহ জেলা নেতৃবৃন্দ। রাজ্যের ৯টি সীমান্তবর্তী জেলার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সমস্যার সমাধানের দাবিতে জেলা শাসককে স্মারকলিপিও দেওয়া হবে।
কনভেনশনের প্রচারে রবিবার কালিয়াচক-৩ ব্লকের  সীমান্ত সংলগ্ন কাঁটাতারের বেড়ার এলাকার সুকদেবপুর, মহাবতপুর কুঠিটোলা ও শ্মশানী সহ বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন ইউনিয়নের নেতৃবৃন্দ। সীমান্তবর্তী এলাকার কৃষকদের চাষাবাদের সমস্যা, এসআইআর-এ যাঁদের নাম বাদ গেছে এবং নাম এখনও ওঠানোর কোন উদ্যোগ নেই, তাঁদের সঙগে কথা বলেন। এলাকার মানুষের দৈনন্দিন সমস্যা নিয়ে কথা বলতে বাড়ি বাড়ি যান। পাশাপাশি কয়েকটি এলাকায় ছোট ছোট সভা করেন। 
রবিবার এই কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য নেতা জমিল ফিরদৌস সহ‌ খেতমজুর আন্দোলনের নেতা প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ ঘোষ, শ্রমিক নেতা প্রিয়ব্রত মন্ডল, খেতমজুর ইউনিয়নের নেতা ফিরোজ সেখ, সুফল মন্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment