সেমিস্টার পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় উপস্থিতির হার নিয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে কলকাতার সুরেন্দ্রনাথ ল কলেজের অধ্যক্ষ মোহম্মদি তরান্নুম শুক্রবার পদত্যাগ করেছেন। প্রায় ২৩ ঘণ্টা ধরে তাঁর ঘরের বাইরে অবস্থান-বিক্ষোভ ও ঘেরাও চলার পর তিনি পদত্যাগপত্র জমা দেন। একাংশের অভিযোগ, সুরেন্দ্রনাথ ল কলেজের পরিচলন সমিতির সভাপতি ও ব্যারাকপুরের বিজেপি বিধায়ক কৌস্তব বাগচীর পরোক্ষভাবে মদত রয়েছে এই ঘটনায়।
অধ্যক্ষের অভিযোগ করেন, তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উচ্চশিক্ষা দপ্তরের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। তাঁর দাবি, তিনি 'ষড়যন্ত্রের শিকার' হয়েছেন। ঘেরাও চলাকালীন আন্দোলনকারীরা তাঁকে জল, খাবারও খেতে দেননি বলে অভিযোগ করেন তিনি।
কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্তত ৭৫ শতাংশ উপস্থিতি না থাকলে ছাত্রছাত্রীদের সেমিস্টার পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এই নিয়ম ঘিরেই প্রথমে বিতর্কের সূত্রপাত। পরে পরীক্ষার ফর্ম পূরণ নিয়েও সমস্যা তৈরি হয়।
আন্দোলনরত ছাত্রছাত্রীদের দাবি, ৭৫ শতাংশ উপস্থিতির নিয়ম কার্যকর হলে প্রায় ৯০০ জনের মধ্যে ৬০০ জন পরীক্ষায় বসতে পারবেন না। তাঁদের আরও দাবি, একটি সেমিস্টারে ১৮০ জনের মধ্যে ১৪৪ জনের উপস্থিতি ৪০ শতাংশেরও কম।
বিষয়টি নিয়ে বিজেপি বিধায়ক ও আইনজীবী কৌস্তভ বাগচী হস্তক্ষেপ করেন। তাঁর বক্তব্য, ৭৫ শতাংশ উপস্থিতির শর্ত যুক্তিসঙ্গত হলেও ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। পরে সিদ্ধান্ত হয়, অন্তত ৪০ শতাংশ উপস্থিতি থাকা ছাত্রছাত্রীদের উপস্থিতির নিশ্চয়তা দিয়ে পরীক্ষায় বসতে পারবেন। কিন্তু তাতেও অচলাবস্থা কাটেনি। শেষ পর্যন্ত বিক্ষোভের মধ্যেই অধ্যক্ষের পদত্যাগের ঘটনা ঘটে।
Comments :0