Casual Coal Workers Wage

ন্যূনতম মজুরি নেই ঠিকা শ্রমিকদের, রানিগঞ্জের খাদানে বিক্ষোভ

জেলা

খাদান ঠিকা শ্রমিকদের হাই পাওয়ার কমিটির সুপারিশ অনুযায়ী মজুরির দাবিতে সাতগ্রাম প্রজেক্টে বিক্ষোভ। ছবি: মলয়কান্তি মণ্ডল।

কোল ইন্ডিয়ার হাই পাওয়ার কমিটির সুপারিশ মেনে ঠিকা শ্রমিকদের মজুরি দেওয়ার দাবিতে সাতগ্রাম প্রজেক্টে বিক্ষোভ দেখায় সিআইটিইউ অনুমোদিত খাদান ঠিকা মজদুর সভা। 
সিআইটিইউ অনুমোদিত এই সংগঠনের সম্পাদক বীরযু যাদব, অভিজিৎ ঘোষ, মুন্না আহির, কাজল চ্যাটার্জি, নিমাই রুইদাস অংশ নেন। নেতৃবৃন্দ বলেন, হাই পাওয়ার কমিটির সুপারিশ অনুযায়ী ঠিকা শ্রমিকদের চলতি বছরের ১ এপ্রিল থেকে অদক্ষ শ্রমিকদের ভিডিএ সহ ১৩২০ টাকা ও অতি দক্ষ শ্রমিকদের ১৪২১ টাকা দৈনিক মজুরি প্রদানের কথা বলা হলেও তা মানছে না ঠিকাদাররা। ঠিকাদার সংস্থাগুলি ইচ্ছেমতো বেতন দিচ্ছে। ন্যূনতম বেতনের কোনও মাপকাঠি নেই। তীব্র শোষণের শিকার হচ্ছে ঠিকা মজদুররা। খনিগর্ভে নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় অবহেলিত হচ্ছে। সর্বত্র সুরক্ষা সরঞ্জাম প্রদান করা হচ্ছে না। এদিন সিএমপিএফ (কোল মাইনস প্রভিডেন্ট ফান্ড)-এর হিসাব ঠিকা মজদুরদের দিতে হবে। 
বিক্ষোভ চলাকালীন এমন সাতটি দাবি নিয়ে সাতগ্রাম প্রজেক্টের এজেন্টের কাছে ডেপুটেশন দেয় খাদান ঠিকা মজদুর সভা। 
এদিনের বিক্ষোভ সভায় দাবি ওঠে, শ্রমকোড বাতিল করো। কয়লা শিল্পে বেসরকারি আগ্রাসন বন্ধ করো। 
খাদান ঠিকা শ্রমিক নেতা বীরযু যাদব বলেন, রাষ্ট্রায়ত্ত কয়লা শিল্পেও বেসরকারি পুঁজির পথ প্রশস্ত করেছে বিজেপি সরকার। এর প্রতিবাদে কয়লা শ্রমিকদের লড়াই তীব্র হচ্ছে। ১০ আগস্ট ‘আইন অমান্য ও জেলভরো‘ কর্মসূচিতে অংশ নেবেন কয়লা খনির ঠিকা মজদুররা।

Comments :0

Login to leave a comment