Elephants

ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে হাতির দাপট

জেলা

শনিবার ডুয়ার্সের বিভিন্ন প্রান্তে হাতির দাপটে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একদিকে মেটেলি ব্লকের আইভিল মোড় এলাকায় দিনের আলোয় আটকে পড়ল দুই দাঁতাল হাতি, অন্যদিকে দক্ষিণ ধূপঝোরা এলাকায় বুনো হাতির উপস্থিতিতে আতঙ্কে দিন কাটালেন স্থানীয় বাসিন্দারা। জানা যায়, শনিবার ভোরে এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার পথে দিনের আলো ফুটে গেলে মেটেলি ব্লকের আইভিল মোড়ে সংলগ্ন ঝোপ এলাকায় দুটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি দাঁড়িয়ে পড়ে।লোকালয়ের কাছাকাছি হাতি দুটিকে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং হাতির গতিবিধির ওপর কড়া নজর রাখেন। বনদপ্তরের পরিকল্পনা অনুযায়ী,সন্ধ্যা নামার পর ওই দুই হাতিকে নিরাপদ ভাবে পাকা রাস্তা ও মূর্তি নদী পার করিয়ে চাপরামারি জঙ্গলের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। বনকর্মীদের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
অন্যদিকে এদিন সাতসকালেই দক্ষিণ ধূপঝোরা এলাকায় একটি বুনো হাতি ঢুকে পড়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খাবারের সন্ধানে হাতিটি লোকালয়ে ঢুকে দীর্ঘক্ষণ দাপিয়ে বেড়ায়। হাতির ভয়ে এলাকার মানুষ ঘরবন্দি হয়ে পড়েন। পরবর্তীতে বনদপ্তরের তৎপরতায় এবং স্থানীয়দের সতর্কতায় হাতিটি এলাকা ছেড়ে বেরিয়ে যায় এবং গরুমারা জঙ্গলের দিকে চলে যায়। এদিন ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হাতির এই অবাধ বিচরণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বনদপ্তরের নজরদারি বৃদ্ধির দাবি উঠেছে বনাঞ্চল লাগোয়া এলাকা গুলোতে বন্যপ্রাণীর প্রবেশ রুখতে বনদপ্তরের টহল আরও জোরদার করার দাবি তোলা হয়।

Comments :0

Login to leave a comment