এসআইআরে ডিলিটেড ভোটারদের ভোটাধিকার রক্ষার দাবিতে শনিবার হুগলি জেলার চণ্ডীতলার ভগবতীপুর বাজার সংলগ্ন আপনালয় অনুষ্ঠানগৃহে এক সহায়তা শিবির ও সভা হয়। সিপিআই(এম) চণ্ডীতলা ১ এরিয়া কমিটির উদ্যোগে চণ্ডীতলা ১ ব্লকের এই সভায় ১৫০০ জনের বেশি মানুষ তাদের কাগজপত্র জমা দেন। সভা পরিচালনা করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক সঞ্জয় ঘোষ। সভায় ভোটাধিকার রক্ষার সাংবিধানিক দিক ব্যাখ্যা করেন হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী সামিম আহমেদ। তিনি বলেন, "ভোটাধিকার রক্ষার দাবিতে রাস্তার আন্দোলন ও কোর্টের লড়াই একসঙ্গে চলবে।"
এদিকে এই সভার শুরুর পূর্বে বিজেপি ও তৃণমূলের একাংশ সাধারণ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে অপপ্রচার করে যে, সভায় জনপিছু পার্টির পক্ষ থেকে আড়াই হাজার টাকা করে নেওয়া হবে। আবার কোনও কোনও বিজেপি কর্মী সিপিআই(এম)'র নাম করে কেস লড়ার নামে ভোটারদের থেকে আড়াই হাজার টাকা করে দাবি করেন। এই অপপ্রচারের জবাবে পার্টিনেতা সঞ্জয় ঘোষ বলেন, “যারা একথা বলছেন তাঁরা মিথ্যা প্রচার করছেন। পার্টির পক্ষ থেকে কেস লড়ার জন্য কোনও রকম টাকা নেওয়া হবে না।”
Comments :0