এসআইআর গণতন্ত্র বিরোধী। মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে পদত্যাগ করতে হবে। এই আন্দোলন আরও বাড়বে।
শুক্রবার দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নে একথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
এদিন দিল্লিতে বিক্ষোভে যোগ দেয় কৃষক, শ্রমিক, ছাত্র-যুব, মহিলা সংগঠন সমূহ। রাস্তায় নামেন বহু সমাজকর্মী, প্রতিবাদীরা। এদিনও একশোর বেশি প্রতিবাদীকে আটক করে দিল্লি পুলিশ।
দিল্লিতে সংবাদমাধ্যমে প্রবীণ সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত বলেন, ‘‘প্রশাসন প্রতিবাদীদের শান্তিরক্ষার বন্ড দিতে বলছে আদালতে। অথচ, প্রতিবাদীরা নিরস্ত্র, শান্তিপূর্ণ। আরেকদিকে প্রশাসন এবং পুলিশ লাঠি নিয়ে অস্ত্র নিয়ে ময়দানে নামছে। আগে মোদী সরকার শান্তি রক্ষায় বন্ড দিয়ে বলুক যে সংবিধানের ওপর আক্রমণ বন্ধ করবে। প্রতিশ্রুতি দিক যে ভোটের অধিকারের ওপর আক্রমণ বন্ধ করা হবে।’’
এদিকে, শুক্রবার, ২৩ অক্টোবর, কলকাতায় মুজফ্ফর আহ্মদ ভবনে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গেই সুজন চক্রতবর্তী বলেন, ‘‘এসআইআর বিরোধী আন্দোলন আরও বাড়বে। এই পদ্ধতিতে গণতন্ত্রের নিয়মই বদলানো হয়েছে। মানুষ ভোটের মাধ্যমে সরকার বেছে নেন। তার বদলে এখানে সরকার বেছে নিচ্ছে ভোটদাতা কে হবে।’’
তিনি বলেন, ‘‘পছন্দ মতো নির্বাচন কমিশন ঠিক করেছে সরকার। ২০২৩’র নির্বাচন কমিশনার বাছাই করার আইন সেভাবেই হয়েছে। আর সেই কমিশন ঠিক করছে কে ভোটার থাকবে আর কে থাকবে না। এটা কোনোভাবেই গণতন্ত্রসম্মত নয়।’’
চক্রবর্তী বলেন, ‘‘এসআইআর’র মাধ্যমে মানুষের নাগরিকত্বকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া হচ্ছে। নাম বাদ গেলে সরকারি সুযোগ সুবিধা বাতিল হচ্ছে। এই পদ্ধতি চলতে পারে না।’’
SIR Protest Sujan Chakrabarty
দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভে আটক শতাধিক, সরতেই হবে জ্ঞানেশ কুমারকে, বললেন সুজন চক্রবর্তী
দিল্লিতে এসআইআর বিরোধী বিক্ষোভে বৃন্দা কারাত সহ প্রতিবাদীরা।
×
Comments :0