Sharanna Dutta Pal

ইসলামপুরের গর্ব শরণ্যাকে সংর্বধনা নিখিল বঙ্গ শিক্ষক সমিতির

রাজ্য জেলা

দ্বাদশ শ্রেণির আইএসসি বোর্ড পরীক্ষায় সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে ইসলামপুরের নাম উজ্জ্বল করল শরণ্যা দত্ত পাল। তাঁর এই অসাধারণ সাফল্যে খুশির জোয়ার নেমেছে গোটা এলাকায়। শনিবার রাতে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোনাল কমিটির পক্ষ থেকে তাঁর বাড়িতে গিয়ে বিশেষ সংবর্ধনা জানানো হয়। সংগঠনের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় ও মানপত্র দিয়ে সম্মানিত করা হয়।
জানা গিয়েছে, কলা বিভাগের ছাত্রী শরণ্যা মোট ৪০০ নম্বরের মধ্যে ৩৯৯ নম্বর পেয়ে এই কৃতিত্ব অর্জন করেছে। বিষয়ভিত্তিক নম্বরের দিকে তাকালে দেখা যায়, মূল (কোর) ইংরেজিতে সে পেয়েছে ৯৯, ঐচ্ছিক (ইলেকটিভ) ইংরেজিতে ১০০, ইতিহাসে ১০০ এবং সমাজবিদ্যায় (সোসিওলজি) ১০০ নম্বর। এছাড়া মনোবিজ্ঞানে (সাইকোলজি) পেয়েছে ৯৯ এবং বাংলায় ৯৮ নম্বর। তাঁর এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে প্রতিটি বিষয়েই তার দখল কতটা মজবুত।
শরণ্যা বর্তমানে কলকাতার বালিগঞ্জের মহাদেবী বিড়লা শিশু বিহার স্কুলের ছাত্রী। এর আগে সে দশম শ্রেণি পর্যন্ত ইসলামপুরের দ্য স্কলার ইংলিশ মিডিয়াম হাই স্কুলে পড়াশোনা করেছে। ছোট শহর থেকে উঠে এসে জাতীয় স্তরে এই সাফল্য অর্জন করা নিঃসন্দেহে একটি বড় প্রেরণা।
ভবিষ্যতে সে স্নাতক স্তরে ইংরেজি বা সাইকোলজি নিয়ে পড়াশোনা করতে চায়। নিজের সাফল্যের পিছনে শরণ্যা তাঁর স্কুল এবং তার মা শিক্ষিকা শর্বরী দত্ত ও বাবা বর্ষীয়ান সাংবাদিক সৌরভ পালের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছে। তার মতে, পড়াশোনায় সফল হতে গেলে শুধু মুখস্থ করলেই হয় না, বিষয়টিকে বুঝে এবং আনন্দ নিয়ে পড়তে হয়। লক্ষ্য স্থির রেখে নিয়মিত পরিশ্রম করাই সাফল্যের মূল চাবিকাঠি।
পড়াশোনার পাশাপাশি শরণ্যার রয়েছে নানা সৃজনশীল আগ্রহ। সে গান গাইতে ভালোবাসে, কবিতা লেখে এবং গল্পের বই পড়তে পছন্দ করে। এই বহুমুখী প্রতিভাই তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে।
নিখিল বঙ্গ শিক্ষক সমিতির ইসলামপুর জোনাল সম্পাদক জয়ন্ত দে জানান, “শরণ্যা আমাদের ইসলামপুরের গর্ব। তার এই সাফল্য আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা কৃতি ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে নিয়মিত সংবর্ধনা দিয়ে থাকি, এবং ভবিষ্যতেও এই ধারা বজায় থাকবে।”

Comments :0

Login to leave a comment