কলকাতা কর্পোরেশনের ড্রেনেজ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য তারক সিং ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। পদত্যাগের জল্পনা ছড়িয়েছে খোদ মেয়রকে ঘিরেও।
কিন্তু এর মধ্যেই কেরালায় প্রবেশ করেছে বর্ষা। কয়েকদিনের মধ্যেই রাজ্যেও বর্ষার দাপট দেখা যাবে। বর্ষার আগে কলকাতা কর্পোরেশনের প্রস্তুতি কতটা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।
বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হন কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে। সেখানেই তাঁকে প্রশ্ন করা হয় যে কলকাতায় বর্ষার আগে প্রস্তুতি নিয়ে। এই বিভাগের মেয়র পরিষদ সদস্য পদত্যাগ করায় কী ভাবে কাজ করবে কর্পোরেশন, প্রশ্ন করা হয় তা নিয়েও। স্মিতা পান্ডে বলেন, "বুধবার কলকাতার প্রশাসনিক বৈঠক হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী এবং কলকাতার মেয়র উপস্থিত ছিলেন। সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন যে বর্ষার আগে বরো ভিত্তিক মিটিং করতে হবে। এর আগেই কলকাতা কর্পোরেশনের তরফে ‘ফিল্ড ভিজিট‘ করে যেখানে যেখানে সমস্যা রয়েছে তা চিহ্নিত করা হয়েছে। শুক্রবার থেকে বরো ভিত্তিক মিটিং শুরু করে দেওয়া হবে।’’
এছাড়াও স্মিতা পান্ডেকে প্রশ্ন করা হয় যে কলকাতার চার কাউন্সিলরকে এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কী পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা আসতে পারে?
পান্ডে বলেন, "পরিষেবা সংক্রান্ত সমস্ত কাজই আধিকারিকরা সম্পন্ন করেন। নির্বাচিত জনপ্রতিনিধিরা শুধুমাত্র তাঁদের সাহায্য করেন। সব আধিকারিকরাই কাজে বহাল রয়েছেন। যে যে কাউন্সিলর আমাদের সাহায্য করতে চাইছেন তাঁদের থেকে সব রকমের সাহায্য নেওয়া হচ্ছে।’’
কমিশনার বলেছেন, "আমরা ফিল্ড ভিজিট করে দেখেছি সমস্ত পাম্পিং স্টেশন সচল রয়েছে। আমরা আশা করছি কলকাতার কিছু পকেটে স্বাভাবিকভাবেই জল জমবে। কিন্তু সেই জল যাতে বেশিক্ষণ জমে না থাকে তার জন্য আমরা চেষ্টা করব।’’
মেয়র পদত্যাগ করলে পৌরসভার দায়ভার নিতে হবে পৌর কমিশনারকে। সেই বিষয়ে স্মিতা পান্ডের দাবি যে তিনি যে কোনও পরিস্থিতির জন্য সবসময় প্রস্তুত রয়েছেন।
KMC water drainage
মেয়র পারিষদ নেই, কলকাতায় জল নিকাশের সমস্যা চিহ্নিত, দাবি কমিশনারের
×
Comments :0