প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সোমবার লোকসভায় ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশ করলো কেন্দ্রীয় সরকার। তবে বিলটি পেশের সময়ই সংসদে তুমুল হইচই শুরু হয়। নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে বিরোধী দলগুলির বিক্ষোভের জেরে লোকসভার কার্যক্রম দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেন অধ্যক্ষ ওম বিড়লা।
কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বিলটি পেশ করেন। এই সংশোধনী বিলের মাধ্যমে দু'বছর আগে প্রশ্নফাঁস বিরোধী আইনে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। নিট-ইউজি প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগে টানা এক মাসেরও বেশি সময় ধরে চলা ছাত্র আন্দোলনের প্রেক্ষিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রস্তাবিত বিলে প্রতিটি রাজ্যে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের কথা বলা হয়েছে। পাশাপাশি, অপরাধীদের জন্য আরও কঠোর শাস্তির কথা হয়েছে। বিল অনুযায়ী, প্রশ্নফাঁস সংক্রান্ত তদন্ত সর্বোচ্চ দু'মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
এদিকে, একই ইস্যুতে সোমবার রাজ্যসভাতেও বারবার অচলাবস্থা তৈরি হয়। সকাল ১১টায় প্রথমবার মুলতুবি হওয়ার পর দুপুর ১২টায় অধিবেশন শুরু হলেও বিরোধী সাংসদরা আবারও ছাত্রদের ওপর পুলিশের বর্বরতার প্রসঙ্গ তুলে সরব হন।
কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি অভিযোগ করেন, নিরীহ ছাত্রছাত্রীদের লাঠিচার্জ করা হয়েছে, এমনকি ছাত্রীদেরও নিগ্রহ করা হয়েছে। তিনি দাবি করেন, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সংসদে বক্তব্য রাখতে হবে। বিরোধী সদস্যরাও স্লোগান তুলে একই দাবি জানান।
ডিএমকে সাংসদ তিরুচি শিবা নিট পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে বলেন, এই পরীক্ষাকে ঘিরে বহু ছাত্রছাত্রীর জীবন নষ্ট হয়েছে। তার অভিযোগ, আত্মহত্যা করা পড়ুয়াদের জীবন সরকার আর ফিরিয়ে দিতে পারবে না।
সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস বলেন, সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে এবং ভারত গণতন্ত্রের পীঠস্থান। কিন্তু সেই গণতন্ত্রের রাজধানীতেই নিরীহ ছাত্রদের রক্ত ঝরেছে বলে তিনি অভিযোগ করেন।
বিরোধীদের লাগাতার বিক্ষোভের জেরে রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণনও অধিবেশন দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেন।
সকালের অধিবেশনেই বিরোধীরা বিধি ২৬৭-এর আওতায় এই ইস্যুতে আলোচনা চেয়ে নোটিস দিয়েছিল। তবে চেয়ারম্যান তা গ্রহণ করেননি। এরপর বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে প্যালেট গান ব্যবহার করা হয়েছে, যা ভারতের ইতিহাসে নজিরবিহীন।
Monsoon Session 2026
প্রশ্নফাঁস রুখতে আরও কড়া আইন আনতে লোকসভায় সংশোধনী বিল, বিরোধীদের বিক্ষোভে মুলতুবি সংসদ
×
Comments :0