Jalpaiguri.

জলপাইগুড়িতে যুবক খুন, ৩ নাবালক সহ গ্রেপ্তার যুবক

জেলা

তিস্তা নদীর সেতু সংলগ্ন নির্জন এলাকা থেকে যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনার কিনারা করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। মৃতের নাম মহাদেব রায়(২৫)। তাঁর বাড়ি সেনপাড়ায়। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে রোহিত হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। পাশাপাশি আরও তিন নাবালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
শুক্রবার সকালে তিস্তা রেলসেতুর কাছে পাহাড়পুর সংলগ্ন ফাঁকা মাঠে মহাদেবের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। গলার নলি কাটা অবস্থায় দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে মদের খালি বোতল, সিগারেটের প্যাকেট, কিছু টাকা-সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার হয়। তদন্তে নামে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনাস্থল যায় আরএফএসএল-এর দল, স্নিফার ডগও ব্যবহার করা হয়।
পরিবারের সদস্যরা ওই দিন সন্ধ্যায় থানায় এসে মৃতদেহ শনাক্ত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে নিহত যুবকের সঙ্গে শেষবার যে ব্যক্তি ছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ অনুমান, প্রেমঘটিত সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়া বিরোধ এবং প্রতিশোধের জেরেই খুনের পরিকল্পনা করা হয়। ওইদিন রাতে জলপাইগুড়ি সংলগ্ন ডেঙ্গুয়াছাড় চা বাগানের বাসিন্দা সাহিদেব হকের পুত্র রহিত হোসেনকে ও ৩ নাবালকে গ্রেপ্তার করে পুলিশ। 
এই ঘটনায় তিন নাবালকেরও জড়িত থাকার অভিযোগ নতুন করে কিশোর-কিশোরীদের মধ্যে অপরাধপ্রবণতা, নেশা এবং প্রতিশোধের মানসিকতা বাড়ার উদ্বেগ সামনে এনেছে। তবে নাবালকদের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া মেনেই তদন্ত চলছে বলে জানিয়েছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, খুনের প্রকৃত কারণ এবং ঘটনার সম্পূর্ণ গতিপ্রকৃতি খতিয়ে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।

Comments :0

Login to leave a comment