CPIM

ফর্ম ১৭সি প্রকাশ ও ভিভিপ্যাট গণনার দাবিতে কমিশনকে চিঠি সিপিআই(এম)'এর

রাজ্য

ভোটগণনা প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল সিপিআই(এম)। দলের পক্ষ থেকে রবিবার কমিশনের কাছে তিন দফা দাবি পেশ করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২৩ মে ও ২৯ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় দফার ভোটের ফর্ম ১৭সি এখনও প্রকাশ করা হয়নি। সিপিআই(এম)'র অভিযোগ, এই বিলম্বের কোনও যুক্তিগ্রাহ্য কারণ নেই। দলের বক্তব্য, আগের নির্বাচনগুলিতে ভোটের দিন ঘোষিত ভোটদানের হার ও গণনার দিনের চূড়ান্ত ফলের মধ্যে অসঙ্গতি দেখা গিয়েছে। এডিআরের রিপোর্ট উদ্ধৃত করে বলা হয়েছে, ২০১৯ ও ২০২৪ লোকসভা ভোটে ৩৫০ থেকে ৫০০ কেন্দ্রে ফর্ম ১৭সি-র ভোটের সঙ্গে গণনার ভোট মেলেনি। কিছু ক্ষেত্রে ব্যবধান জয়ের ব্যবধানের চেয়েও বেশি ছিল।

এই পরিপ্রেক্ষিতে সিপিআই(এম) এর দাবি, গণনা শুরুর আগেই বুথভিত্তিক ফর্ম ১৭সি-র তথ্য আজই জনসমক্ষে প্রকাশ করতে হবে। এর ফলেই কাউন্টিং এজেন্টরা বুথে রেকর্ড করা ভোটের সঙ্গে চূড়ান্ত সংখ্যা মিলিয়ে দেখতে পারবেন।

পাশাপাশি, নির্ধারিত সময়ের পর লাইনে থাকা ভোটারদের বিষয়েও স্বচ্ছতা দাবি করেছে দল। দলের বক্তব্য, ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রতিটি বুথে কতগুলি 'কিউ স্লিপ' ইস্যু করা হয়েছে তার সঠিক সংখ্যা কমিশনকে প্রকাশ করতে হবে। সিপিআই(এম) মনে করে, এই তথ্য ফর্ম ১৭সি-র সঙ্গে মেলানো জরুরি, যাতে লাইন খালি করার নামে অতিরিক্ত ভোট না পড়ে।


দ্বিতীয় দাবিতে সিপিআই(এম) বলেছে, ইভিএম নিয়ে প্রযুক্তিগত সন্দেহ দূর করতে ভিভিপ্যাট স্লিপ গণনা বাধ্যতামূলক ও অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। ইভিএমের মোট ভোটের সঙ্গে ভিভিপ্যাট স্লিপ মিলিয়ে দেখা জরুরি।

তৃতীয়ত, গণনাকেন্দ্রে কড়া নিরাপত্তার দাবি জানিয়েছে দল। তাদের মতে, শুধু ভিতরের হল নয়, গণনাকেন্দ্রের চারপাশেও বহুস্তরীয় নিরাপত্তা বলয় রাখতে হবে। বাইরে কোনও বেআইনি জমায়েত বা অশান্তি যাতে না হয় তা নিশ্চিত করতে হবে, যাতে এজেন্ট ও আধিকারিকরা নির্ভয়ে কাজ করতে পারেন।
 

Comments :0

Login to leave a comment