মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকান্ডে যেই পাঁচ বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়েছে তাদের মধ্যে চারজন একই পরিবারের। বাংলাদেশ বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে আজ ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদপত্র/মিডিয়াসূত্রে জানা গিয়েছে। এ খবর জানার সাথেসাথেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য যোগাড় করার চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এ যাবৎ এ অগ্নিকান্ডে মোট নয় জন মারা গিয়েছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশী বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়াও আহত ছয় জনবাংলাদেশী নাগরিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।’
বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতদের পরিবারপিছু সহযোগিতার জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সাথে সার্বক্ষণ যোগাযোগ রাখছে। বাংলাদেশ উপ-হাইকমিশন একটি হেল্প লাইন নম্বর চালু করেছে।
পরিস্থিতি সম্পর্কে বিদেশ মন্ত্রক ও কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ প্রশাসন যোগাযোগ রাখছে বলে জানানো হয়েছে।
Comments :0