রাস্তায় বাইক চালানোর সময় গাড়ির ধাক্কায় ছিটকে পড়লেন এক মহিলা বাইকার। অভিযোগ, ঘটনার পর গাড়িটি না থেমে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের গল্ফ কোর্স রোডে। পুরো ঘটনাটি তার বাইকে লাগানো অ্যাকশন ক্যামেরায় ধরা পড়েছে বলে জানিয়েছেন ওই মহিলা।
‘সিয়া’ নামে পরিচিত ওই বাইকার সামাজিক মাধ্যমে ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ করে বিস্তারিত জানিয়েছেন। তিনি ‘rebelwheels_sia_’ নামে একটি ইনস্টাগ্রাম পেজও চালান। তার অভিযোগ, প্রথম থেকেই একটি গাড়ির কয়েকজন আরোহী তাকে অনুসরণ করছিলেন এবং তাকে লক্ষ্য করে অশ্লীল আচরণ করছিলেন।
সিয়ার দাবি, রবিবার তিনি তার বাইকিং গ্রুপের কয়েকজন সদস্যের সঙ্গে গল্ফ কোর্স রোড দিয়ে যাচ্ছিলেন। তার কাছে ছিল Aprilia RS 457 স্পোর্টস বাইক। সেই সময় একটি গাড়ি তার কাছে এসে বারবার তাকে অনুসরণ করতে শুরু করে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিয়োয় সিয়া অভিযোগ করেন, গাড়ির ভিতরে থাকা ব্যক্তিদের তিনি দূরত্ব বজায় রাখতে বলেছিলেন। কিন্তু তারা তাকেই বাইক থামাতে বলেন। তার দাবি, গাড়ির আরোহীদের দেখে মদ্যপ বলে মনে হচ্ছিল।
পরিস্থিতি এড়াতে সিয়া বাইকের গতি বজায় রেখে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, যাতে গাড়িটি তার বাইকের সামনে এসে পথ আটকে দিতে না পারে। একই সময়ে পিছনে থাকা তার এক বন্ধু বাইক নিয়ে তাকে আড়াল করার চেষ্টা করেন, যাতে গাড়িটি ফের তার কাছে পৌঁছতে না পারে।
সিয়ার অভিযোগ, এরপরও গাড়িটি তাদের অনুসরণ করতে থাকে। একসময় চালক তার বাইকের সামনে আসার চেষ্টা করেন। সেই সময়ই গাড়িটি তার বাইকে ধাক্কা মারে। ধাক্কার জেরে বাইক থেকে ছিটকে পড়েন সিয়া। তার বাইকটি কয়েক মিটার রাস্তার উপর দিয়ে টেনে নিয়ে যায় গাড়িটি। এরপর চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ।
ঘটনার পর সিয়ার এক বন্ধু গাড়িটিকে ধাওয়া করেন বলে তার দাবি। একটি ট্রাফিক সিগন্যালে গাড়িটি থামলে তিনি চালকের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। দুর্ঘটনার জন্য চালককেই দায়ী করেন তিনি।
তবে অভিযোগ, গাড়ির চালক নিজের দায় অস্বীকার করেন এবং ফের গাড়ি চালিয়ে সেখান থেকে চলে যান।
ঘটনার ভিডিয়ো প্রকাশ করে সিয়া গুরগাঁও পুলিশের কাছে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। তার বক্তব্য, রাস্তায় অন্যদের বিপদের মধ্যে ফেলে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যাওয়া চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সিয়া ভিডিয়োয় সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে (RC) থাকা মালিকের নামের কথাও উল্লেখ করেছেন।
ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বহু মানুষ সিয়ার পাশে দাঁড়িয়েছেন। অনেকেই দিল্লি পুলিশ, গুরগাঁও পুলিশ, গুরগাঁও ট্রাফিক পুলিশ এবং হরিয়ানা পুলিশকে ট্যাগ করে অভিযুক্ত চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কেউ কেউ ঘটনার ভিত্তিতে এফআইআর দায়ের করার দাবিও তুলেছেন। গুরগাঁওয়ের রাস্তায় নিরাপত্তা, বেপরোয়া গাড়ি চালানো এবং দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার প্রবণতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।
তবে পুলিশ এই ঘটনায় এখনও কী পদক্ষেপ করেছে, তা নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। ঘটনার ভিডিয়ো এবং সিয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত হলে দুর্ঘটনার প্রকৃত কারণ ও দায় কার, তা স্পষ্ট হতে পারে।
Gurugram
তাড়া করে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ার অভিযোগ, পুলিশের দ্বারস্থ মহিলা বাইকার
×
Comments :0