প্রতিবন্ধী আশ্রম ও অনাথ আশ্রমের আবাসিকদের খাবারের জন্য বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর বক্তব্য, এমন বিভিন্ন আশ্রমে একাধিক সমস্যা রয়েছে দীর্ঘদিন ধরে। সরকারের সেগুলিকে বিবেচনা করা জরুরি।
সোমবার, ২৩ নভেম্বর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর বরাদ্দ সংক্রান্ত ঘোষণা করেন। প্রতিবন্ধী আশ্রম ও অনাথ আশ্রমের আবাসিকদের খাবারের জন্য বরাদ্দ ১১০ টাকা করা হবে বলে ঘোষণা করেন তিনি। ১ ডিসেম্বর থেকে এই বর্ধিত বরাদ্দ কার্যকর হবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।
এই ঘোষণাকে সাধুবাদ জানালেও আরও বেশ কয়েকটি সমস্যার উল্লেখ করে সেই বিষয়গুলিতে সরকারকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর সাধারণ সম্পাদক কান্তি গাঙ্গুলি।
এর আগে, প্রতিবন্ধী স্কুলের আবাসিকদের খাবারের মাথাপিছু মাসিক বরাদ্দ ২২০০ টাকা থেকে বাড়িয়ে তা ৩৩০০ টাকা করার দাবিতে দপ্তরে চিঠি দেয় পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী। অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর এবং রাজ্য জনশিক্ষা প্রসার দপ্তরে চিঠি দিয়ে বিষয়টি বিবেচনা করার আবেদন করেছিল এই সংগঠন। তারপরই, এদিন বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী।
কান্তি গাঙ্গুলি বলেন, সরকারের এই পদক্ষেপটিকে সাধুবাদ জানাই। তবে গোটা রাজ্যে এমন ৭৪টি ছাত্রাবাস রয়েছে। সেই সংখ্যা গত কয়েক বছরে একটিও বাড়েনি। সেইসঙ্গে, শিক্ষক ও শিক্ষাকর্মীদের অভাব থাকায় এই ধরণের স্কুলগুলি প্রায় বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে। ফলত, বিশেষভাবে চাহিদা সম্পন্নদের বিশেষ স্কুল ব্যবস্থাই ডুবছে। সরকারের এই বিষয়টিতেও নজর দেওয়া উচিত।
food allowcation for specially abled children school
প্রতিবন্ধী আশ্রম, অনাথ আশ্রমের খাবারের বরাদ্দ বৃদ্ধি রাজ্যের
×
Comments :0