Afrin Jabi

ইংলিশ চ্যানেলের পর পক প্রণালীও পার আফরিনের

খেলা

সাত সমুদ্র পার করার স্বপ্ন। ইংলিশ চ্যানেলের পর রেকর্ড গড়ে পক প্রণালীও পার করলেন মেদিনীপুরের সাঁতারু আফরিন জাবি। মেদিনীপুর শহরে জয়োল্লাস।
শনিবার গড়লেন ভারতীয় মেয়েদের মধ্যে সবচেয়ে কম সময়ে প্রণালী জয়ের রেকর্ডও। গত জুলাইয়ে ইংলিশ চ্যানেল জয় করেছিলেন আফরিন।
ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী পক প্রণালী জয়। গত ১ মে মেদিনীপুর থেকে তামিলনাড়ু রওনা দিয়েছিলেন আফরিন। সঙ্গে ছিলেন বাবা শেখ পিয়ার আলি, মা সাবিনা পারভিন।
প্রণালীতে নামার দিন ঠিক হয়েছিল ৪-১৪ মে’র মধ্যে। জলে নামা নির্ভর করছিল আবহাওয়ার উপর। আবহাওয়া অনুকূল থাকায় ৯ মে জলে নামে আফরিন। সাঁতার শুরু হয়েছিল শ্রীলঙ্কার উত্তর-পশ্চিমের মান্নার দ্বীপের তলাইমান্নার থেকে। শেষ হয়েছে তামিলনাডুর পামবান দ্বীপের ধনুষকোডিতে। শুরু করেছিলেন ভারতীয় সময় রাত ৩.৩৫টায়। শেষ করেছে সকাল ১০.৪০টায়। প্রায় ৩৫ কিলোমিটার জলপথ পেরোতে
আফরিন সময় নিয়েছেন সাত ঘণ্টা পাঁচ মিনিট। 
শনিবার দুপুরে ফোনে আফরিন বলেন, "নতুন রেকর্ডও হল। আমি খুব খুশি।"
ইংলিশ চ্যানেলের তুলনায় পক প্রণালী জয় কিছুটা নির্বিঘ্নই ছিল, জানালেন আফরিন। তিনি বলেন,"স্রোত মোটামুটি ছিল। খুব বেশিও নয়, আবার খুব কমও নয়। জেলিফিস 'ছিল। তবে ইংলিশ চ্যানেলের তুলনায় কম পেয়েছি। তেমন বড় কোনও সমস্যা হয়নি।" তিনি বলছিলেন, "শেষের দিকে ফিনিশিং কোথায় করব, সেটা খুঁজে পাচ্ছিলাম না। তখন খানিক সমস্যা হয়েছিল।" জলের তাপমাত্রা স্বাভাবিকই ছিল। তবে শ্রীলঙ্কার তুলনায় ভারতের দিকে জলের তাপমাত্রা একটু বেশি ছিল, জানান সাঁতারু।

গত বছর ২৯ জুলাই ইংলিশ চ্যানেল ১৩ ঘণ্টা ১৩ মিনিটে জয় করেন আফরিন। এবার তামিলনাড়ু রওনা হওয়ার আগের কয়েক সপ্তাহ কঠোর অনুশীলন করেন। মেদিনীপুর সুইমিং ক্লাবে একটানা প্রায় ১২ ঘন্টা সাঁতার কেটেছিলেন।

আফরিনের বাবা ও মা বলেন, "মেয়ে নতুন রেকর্ড গড়েছে। আমরা সবাই খুব খুশি।” মেদিনীপুরেও খুশির হাওয়া। মেদিনীপুর শহরে স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ও সুইমিং ক্লাব সহ নানান ক্রীড়া সংস্থা পক্ষ থেকে বলা হয় “আফরিন আমাদের মেদিনীপুরের গর্ব। মেদিনীপুরে ফিরলে ওঁকে আমরা সংবর্ধিত করব।”

Comments :0

Login to leave a comment