Yogeshganj

যোগেশগঞ্জে সভা ভন্ডুলের চেষ্টা বিজেপির, প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়

জেলা

আলোচনা করছেন ডাঃ ফুয়াদ হালিম। ছবি: প্রবীর দাস

স্বাধীনতার ৭৯ বছর পেরিয়ে এসেও হিঙ্গলগঞ্জের মানুষের কথা বলার অধিকার স্বাধীন মত প্রকাশের অধিকার নেই। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় এসে সেই অধিকার কেড়ে নিয়েছিল। ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এসে সেই তৃণমূলের কায়দায় বাকস্বাধীনতা কেড়ে নিতে সোমবার সিপিআই(এম)’র ডাকা সভা ভেস্তে চড়াও হয় লাঠিসোটা নিয়ে। সেই সময় যোগেশগঞ্জ কমিউনিটি হলে মানুষের দরবারে মানুষের ইতিহাস নিয়ে আলোচনা শুরু করেছেন সিপিআই(এম) নেতা নিরাপদ সর্দার। মঞ্চে তখন উপস্থিত ডাঃ ফুয়াদ হালিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পুলিশের উপস্থিতিতে সভা ভন্ডুল করতে এলে বক্তব্য সাময়িক বন্ধ রেখে নিরাপদ সর্দার রুখে দাঁড়ালে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বলে হলে সভা করছেন কার অনুমতি নিয়ে। চোখে চোখ রেখে শীরদাড়া সোজা রেখে নিরাপদ সর্দার বলেন খগেন অধিকারী হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে এই কমিনিউটি হলের বরাদ পেয়েছেন। তার অনুমতিতে হল ভাড়া নিয়ে সভা করা হচ্ছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা অনুমতিপত্র দেখতে চাইলে নিরাপদ সর্দার ও রবি বিশ্বাস বলেন, আপনি কে? আপনাকে কেন দেখাবো। পরিস্থিতি তখন কার্যত জটিল অবস্থা নিয়ে ফেলেছে ভিড়ে ঠাসা কমিউনিটি হলে উপস্থিত পার্টি কর্মী সমর্থকরা বেড়িয়ে এলে। বেগতিক বুঝে বিজেপির কর্মীরা সরে যেতে বাধ্য হয়। শুরু হয় ফের সভার কাজ। নিরাপদ সর্দার বক্তব্যে ফিরে এসে বলেন, গত ১ সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস পালনে এই যোগেশগঞ্জের পঞ্চপল্লীতে মিছিল ভন্ডুলের চেষ্টা করলে সেদিনও প্রতিরোধের মুখে পড়ে বিজেপি পিছু হটতে বাধ্য হয়। তাই আমাদের কাজ হলো এমন কোন বুথ থাকবে না যেখানে লাল পতাকা উড়বে না। বুথ শক্তিশালী হলে মানুষের হক যা কেড়ে নিয়েছিল তৃণমূল এখন সেই একই কায়দায় বিজেপি কাড়তে চাইছে তা রুখে দিয়ে আমি আমার মত প্রকাশের স্বাধীনতা ফিরে পাবো। পাড়া বৈঠক দাওয়া বৈঠকে বলতে হবে স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকার কথা। আজ যারা নতুন করে স্বাধীনতা কেড়ে নিতে চাইছে, ব্রিটিশ রাজের বিরুদ্ধে তাদের যে কোন ভূমিকা ছিল না সে কথাও তুলে ধরতে হবে। এদিন সিপিআই (এম) হিঙ্গলগঞ্জ দক্ষিণ এরিয়া কমিটির উদ্যোগে যোগেশগঞ্জ বাজার সংলগ্ন কমিউনিটি হলে "মানুষের দরবারে মানুষের ইতিহাস" শীর্ষক আলোচনা সভা হয়। আলোচনায় অংশ নেন ডাঃ ফুয়াদ হালিম ও পার্টি নেতা নিরাপদ সর্দার। সভাপতিত্ব করেন এরিয়া কমিটির সম্পাদক রবি বিশ্বাস। ১৮৫৭ সালের মহাবিদ্রোহ এবং পরবর্তী স্বাধীনতা আন্দোলনে দীর্ঘ ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলি সহজ এবং সাবলীলভাবে উপস্থাপনের মধ্যে দিয়ে  ডাঃ ফুয়াদ হালিম বলেন, ধর্মনিরপেক্ষতার দীর্ঘ ইতিহাস আছে সিপাহী বিদ্রোহে। যেখানে সাধারণ মানুষের ভূমিকা অনস্বীকার্য। আজকে আমরা কী দেখছি? খবরের কাগজে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে যেখানে দূর্গার এগারো হাত দেখানো হচ্ছে। এটাই আর এস এস পরিচালিত বিজেপির স্বরূপ।
মসজিদের আজানের মাইক বন্ধ করে দিচ্ছে পুলিশ। মহরমের তাজিয়া যাওয়ার রাস্তায় হিন্দুরা গাছপালা কেটে রাস্তা করে দেওয়ার উদাহরণ ধর্মনিরপেক্ষ ভারতের পরাম্পরা। সেটাও থাকবে কিনা যথেষ্ট আশঙ্কা আছে। রাজ্যে গুন্ডা দমন আইন আনতে চাইছে। মনে পড়ছে ইংরেজ আমলের কথা। গ্রেপ্তারের পর বিচার ব্যবস্থার সামনে আনার কোন সুযোগ ছিল। রাজ্যের ডবল ইঞ্জিন সরকার ইংরেজ আমলের সেই বিনা বিচারে একবছর কাল আটকে রাখতেই গুন্ডা দমন আইন। আসলে লক্ষ্য গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে হবে। ধর্ম নিরপেক্ষতার মৈত্রী নষ্ট করতেই গুন্ডা দমন আইন। আই এম এর পক্ষ থেকে আয়লার সময় দেখেছি হিঙ্গলগঞ্জের মানুষের দুর্দশা। দুর্গত মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে আই এম এর ভূমিকা মানুষ দেখেছে। সেদিন কোথায় ছিল আজকের বিজেপি, তৃণমূলীরা। স্বাধীনতার পর একমাত্র বামফ্রন্ট সরকারের সময়ে সর্বভারতীয় কৃষক সভার নেতৃত্বে আমূল ভূমি সংস্কার হয়েছে এই রাজ্যে। ভারতে এটাই নতুন ভাবে পথচলার দৃষ্টান্ত। জমিদারির ব্যবস্থাকে ভেঙে দিয়ে গরীব মানুষের হাতে জমির মালিকানা তুলে দেওয়া ছিল সারাদেশের কাছে দৃষ্টান্ত স্থাপন। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিল। মানুষের দরবারে গিয়ে এসব বলতে হবে। বলতে হবে স্বাধীনতা যুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহণ। তা না হলে আর এস এসের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো না। হিন্দু মুসলমান করে স্বাধীনতা আন্দোলনের মর্মবস্তুকে ভুলিয়ে দেবে। যেখানে দেশপ্রেম বলে কোন শব্দ থাকবে না। যে দেশপ্রেমের জন্য স্বাধীনতা আন্দোলনে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ প্রাণ দিয়েছিল। আর এস এস পরিচালিত জনসঙ্ঘ, বিশ্ব হিন্দু পরিষদের কেউ স্বাধীনতা আন্দোলনে প্রাণ দেওয়া তো দূরের কথা অংশ নিতে দেখা যায় নি। মানুষের দরবারে গিয়ে একথাই আমাদের বাড়ে বাড়ে তুলে ধরতে হবে।

Comments :0

Login to leave a comment