এসএফআই নেত্রী ঐশী ঘোষের খোঁজে সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির দপ্তরে বেআইনি কায়দায় ঢুকে পড়েছে দিল্লি পুলিশ। এই পদক্ষেপ আসলে গণতান্ত্রিক রীতিনীতির ওপর বিপজ্জনক আঘাত।
মঙ্গলবার দিল্লি পুলিশের তল্লাশির প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য এম এ বেবি।
তিনি বলেছেন, একটি বেসরকারি গাড়িতে চড়ে দিল্লি পুলিশ ঢুকে পড়ে একে গোপালন ভবনে। কয়েকজনের পুলিশের পোশাক পর্যন্ত ছিল না। সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস দিল্লি পুলিশকে প্রশ্ন করেন, বিনা অনুমতিতে এভাবে একটি রাজনৈতিক দলের দপ্তরে ঢুকে পড়ার কারণ কী? তারপর চলে যায় দিল্লি পুলিশের এই বাহিনী।
বেবি বলেছেন, গণতন্ত্রে এই ধরনের পদক্ষেপের কোনও জায়গা নেই। প্রতিবাদকে অপরাধ হিসেবে দেখছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। পুলিশকে ব্যবহার করে চুপ করাতে চাইছে প্রতিবাদীদের। ছাত্রদের তোলা সঙ্গত প্রশ্নের জবাব দিতে পারছে না সরকার।
বেবি জানিয়েছেন যে সিপিআই(এম) কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করছে। ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানাচ্ছে।
বেবি বলেছেন, গণতান্ত্রিক অধিকারকে মাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা হচ্ছে। দৃঢ় সংকল্প নিয়ে এমন চেষ্টার প্রতিরোধ করবে সিপিআই(এম)।
Baby on Police Raid at AKG Bhawan
কেন্দ্রীয় কমিটির দপ্তরে দিল্লি পুলিশ, গণতন্ত্রের ওপর আঘাত, নিন্দা বেবির
×
Comments :0