Post Poll Violence

রাজ্যজুড়ে হামলা বিজেপি’র, নিউ মার্কেটে বুলডোজার নিয়ে শাসানি

রাজ্য কলকাতা

নিউ মার্কেটে বুলডোজারের ওপর বিজেপি’র পতাকা লাগিয়ে হুমকি দোকানদারদের।

রাজ্যের বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা এবং হুমকি চলছে। একাধিক খুনের খবরও মিলেছে। বিজেপি’র পতাকা নিয়েই শাসানি চলছে। 
খোদ কলকাতায় নিউ মার্কেট এলাকায় বুলডোজার নিয়ে হুমকি দেওয়া হয়েছে ছোট ব্যবসায়ীদের। এক হকার ব্যবসায়ীর পসরা ভাঙচুরের অভিযোগও রয়েছে। 
এদিন কলকাতার ৫৩, ৪৬ এবং ৬২ নম্বর ওয়ার্ডে সংখ্যালঘু প্রধান এলাকায় বিজেপি’র পতাকা নিয়ে একদল দুষ্কৃতীকে ত্রাস সৃষ্টি করতে দেখা যায়। আলিমুদ্দিন স্ট্রিটের পিছন থেকে এই বাহিনী নিউ মার্কেট এলাকায় পৌঁছে যায়। সেখানে শাসনো হয় ছোট দোকানদারদের। যাঁদের অধিকাংশই মুসলিম সংখ্যালঘু।


জানা গিয়েছে কালী খটিক নামে এক বিজেপি কর্মী এই হুমিকর সঙ্গে জড়িত। এই বিজেপি কর্মী বছর পাঁচেক আগে তৃণমূল থেকে নতুন দলে যোগ দেয়।
অভিযোগ, এক ছোট ব্যবসায়ীর দোকানে ক্ষয়ক্ষতি হয়েছে। নিউ মার্কেটে তৃণমূলের দু’টি ছোট দপ্তরে ভাঙচুর হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা বিজেপি’র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য যদিও দাবি করছেন পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা বরদাস্ত করা হবে না। সংবাদমাধ্যমে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন, বিজেপি’র পতাকা নিয়ে কেউ হামলায় যুক্ত থাকলে তাকে দল থেকে বের করে দেওয়া হবে। তিনি একথাও বলেছেন যে কোনও হামলার ঘটনা হলে পুলিশকে গ্রেপ্তার করতে হবে। 
কিন্তু বাস্তব হলো রাজ্যের একাধিক জায়গায় হামলা হচ্ছে। বিজেপি নেতৃত্বের একাংশ দাবি করছেন যে ঘটনায় জড়িতরা মুখ্যত সদ্য তৃণমূল ছেড়ে আসা লোকজন।
সোনারপুরে এক সিপিআই(এম) কর্মীর ওপর হামলা করেছে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া দুষ্কৃতীরা। হাওড়ার আমতায় কুশবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে এক সিপিআই(এম) কর্মীকে মারধর করে বিজেপি কর্মীরা। 
বীরভূম এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি জেলাজুড়ে অশান্তি ছড়িয়েছে।

Comments :0

Login to leave a comment