CPI(M) demands action against incitement surrounding Adina Mosque in Malda

মালদহে আদিনা মসজিদ ঘিরে উসকানিতে ব্যবস্থা নেওয়ার দাবি সিপিআই(এম)’র

রাজ্য জেলা

মালদহের আদিনা মসজিদ ঘিরে বিভ্রান্তি ছড়াচ্ছে বিজেপি ও আরএসএস। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। কোনও উসকানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়ে এই দাবি তুলেছে সিপিআই(এম)। 
বুধবার সিপিআই(এম) মালদহ জেলা সম্পাদক কৌশিক মিশ্র সাংবাদিক সম্মেলনে এই দাবি তোলেন। তিনি বলেন যে পুলিশ এখন বিবৃতি দিয়েছে আদিনা মসজিদ প্রসঙ্গে। এই মসজিদ চত্বরে পুজো করা হবে বলে প্রচার চলেছে। পুলিশ বিবৃতিতে এই ধরনের কোনও প্রচার করতে নিষেধ করেছে। 
মিশ্র বলেন, আদিনা মসজিদকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। মালদহ জেলা পুলিশ প্রশাসন এই বিষয়ে আগে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি বলেছেন, "বিজেপি আইটি সেলের তরফে বেশ কয়েক বছর ধরে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তারা প্রচার করছে এই আদিনা মসজিদের ভেতরে নতুন করে শিব মন্দির স্থাপন করা হবে। এই বলে জনসাধারণকে উত্তেজিত করে সামাজিক ভাবে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে কোনও রকম নজরদারি করেনি বা কোনও রকম ব্যবস্থাও নেয়নি।"


মিশ্র বলেন, ‘‘রাজ্যের মানুষ তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে বিজেপি-কে ভোট দিয়ে সরকার গঠনে সাহায্য করেছেন। কিন্তু সরকার গঠনের পর থেকেই তারা দায়িত্বশীলতার কোনও পরিচয় দিচ্ছেন না। হকার উচ্ছেদ থেকে শুরু করে বিজেপি দলের লাগাতার মেরুকরণ তারই প্রমাণ।’’ তিনি সমালোচনা করেছেন বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা, দপ্তরে হামলা, পতাকা অবমাননার বিভিন্ন ঘটনারও।
সিপিআই(এম) দাবি করেছে সোশ্যাল মিডিয়ায় যারা এইরকম উত্তেজনার সৃষ্টি করছে তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। উপাসনা স্থল আইন অনুযায়ী ধর্মীয় স্থানের চরিত্র অক্ষুণ্ণ রাখতে হবে। ভারতের সম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে রক্ষা করতে হবে। বিজেপি প্রতি মুহূর্তে ঘৃণার চাষ করছে। 
বুধবার দুপুরে‌ সিপিআই(এম) জেলা দপ্তর মিহির দাস ভবনে সাংবাদিক বৈঠকে তিনি একথা বলেন। 
পাশাপাশি, আগামী ১০ আগস্ট বামপন্থী বিভিন্ন সংগঠন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির ও সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে দেশব্যাপী আইন অমান্য ও জেলা ভরো কর্মসূচির যে আহ্বান জানিয়েছে তা সফল করতে বিভিন্ন কর্মসূচির উল্লেখ করেন। 
তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে গুন্ডা দমন আইন চালু করার কথা বলে নিজে যে ভাষায় কথা বলছেন তাতে গুন্ডারাও হার মানবে। আসলে এই আইনের আসল লক্ষ্য সরকার বিরোধী আন্দোলনকে দমানো। 
সিপিআই(এম) মালদহ জেলা কমিটি প্রয়াত পার্টিনেতা শৈলেন সরকারের সংগ্রাম ও আন্দোলন সম্পর্কে বই প্রকাশ করবে। এ বিষয়ে লেখা পাঠানোর আবেদনও জানান তিনি।

Comments :0

Login to leave a comment