"আমরা হারিনি, আমাদের জোর করে হারানো হয়েছে"। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মঙ্গলবার প্রথম সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি এমনই অভিযোগ করেছিলেন। সেই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করলেন নির্বাচন কমিশনের দক্ষিণ কলকাতার ডিইও।
ডিইও বিবৃতিতে বলেন, আজ সাংবাদিক সম্মেলন করে ভবানীপুরের বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যে অভিযোগ জানিয়েছেন তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী সমস্ত নিয়ম এবং বিধি মেনেই শান্তিপূর্ণ, অবাধ এবং স্বচ্ছভাবে ভোট গণনা করা হয়েছে।
সোমবার, ৪ মে, ফল গণনার দিন ভবানীপুর কেন্দ্রের গণনা কেন্দ্র সাখওয়াত মেমোরিয়াল স্কুলে বিস্তর বিবাদ হয়। তৃণমূল প্রার্থী মমতা ব্যানার্জি গণনা কেন্দ্রে যান। পরে তিনি অভিযোগ করেন যে তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। সেই সময়েই গণনা কেন্দ্রে যান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কিছুক্ষণ গণনা বন্ধও থাকে।
তৃণমূল নেত্রী সাংবাদিক সম্মেলন থেকে এদিন অভিযোগ করেন, সিআরপিএফ আমাকে গণনা কেন্দ্রে ঢুকতে বাধা দিয়েছে। আমাকে শারীরিকভাবে নিগ্রহও করেছে জওয়ানরা। বিজেপি গণনা কেন্দ্রের দখল নিয়ে নিয়েছিল।
এই বিষয়ে ডিইও ওই বিবৃতিতে বলেন," সিসিটিভি বন্ধ ছিল না। ধাক্কা মারার যে অভিযোগ তৃণমূল প্রার্থী করেছেন তাও সম্পূর্ণ ভিত্তিহীন অলীক কল্পনা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেছিলেন বলেই গণনা প্রক্রিয়াটি কিছুক্ষণের জন্য স্থগিত করা হয়েছিল। তবে পরে নির্দেশিকা অনুসারে তাঁকে জানিয়ে ফের গণনা শুরু করা হয়।"
DEO dismisses Mamata's allegations
'সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন', মমতার অভিযোগ উড়িয়ে দিলেন ডিইও
×
Comments :0