Counting 5 States

কাল গণনা কেরালা, তামিলনাডু, আসামেও

জাতীয়

পাঁচ রাজ্যের ভোট গণনা শুরু হচ্ছে সকাল আটটায়। পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিলনাডু ও পুদুচেরিতে জয়-পরাজয়ের প্রবণতা স্পষ্ট হবে বেলা দশটার পর থেকে।
এই পাঁচ রাজ্যে বিধানসভার মোট আসন ৮২৪। তবে পশ্চিমবঙ্গের ফলতা কেন্দ্রে উপনির্বাচন ২১ মে।
কেরালায় গত দশ বছর টানা সরকারের আসীন বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার। জনকল্যাণ মূলক প্রকল্পের নিরিখে সারা দেশে এগিয়ে এই রাজ্য। এ রাজ্যেই একমাত্র দূর করা গিয়েছে চরম দারিদ্র্যকে। আবার পরিকাঠামো, শিল্পের উন্নয়নের সাফল্য দেখিয়েছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট সরকার।
কেরালায় সরকার গড়ার লড়াই বাম গণতান্ত্রিক ফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউডিএফ’র মধ্যে। বামপন্থীরা শক্তিশালী থাকায় এরাজ্যে বিজেপি সরকার গড়ার ধারেকাছে নেই বহু চেষ্টা করেও। 
কেরালায় মোট আসন ১৪০। 
তামিলনাডুতে লড়াই ত্রিমুখী হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এ রাজ্যের সরকারের আসীন ডিএমকে। কংগ্রেস এবং বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা রয়েছে এমকে স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে’র।
রাজ্যে প্রধান বিরোধী শক্তি এডিএম-কে। তবে এবারের ভোটে নজর রয়েছে অভিনেতা বিজয়ের রাজনৈতিক দল টিভিকে’র ওপর। রাজ্যে মোট আসন ২৩৪। 
গণনা হবে আসামেও। আসামে মোট আসন ১২৬। রাজ্যে আসীন রয়েছে বিজেপি সরকার। ‘ঘুষপেটিয়া’ শব্দে বিভাজনের তীব্র প্রচার চালিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজেই। তবে নির্বাচন কমিশন কোনও ব্যবস্থা নেয়নি। সাম্প্রদায়িক প্রচারের লক্ষ্য থেকেছে আসামের বাসিন্দা বাংলাভাষী মুসলিমরা। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলাদেশের সীমান্তবর্তী দুই রাজ্য পশ্চিমবঙ্গ এবং আসামে প্রচার চালিয়েছেন ‘আনুপ্রবেশ’-কে হাতিয়ার করে। এসআইআর প্রক্রিয়াকে সংখ্যালঘুদের ওপর আক্রমণের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে প্রচারে। এসআইআর-এ যদিও বাদ পড়েছেন বহু হিন্দু তপশিলি জাতি, নমঃশূদ্র, আদিবাসী প্রান্তিক মানুষও। 
লমিশন অন্য সব রাজ্যে এসআইআর করালেও আসামে হয়েছে ভোটার তালিকার ‘আইআর‘ বা ‘ইনটেনসিভ রিভিশন‘।
সোমবার গণনা হবে পুদুচেরির রায়েরও। পুদুচেরি বিধানসভার মোট আসন ৩০।

Comments :0

Login to leave a comment