ধর্মের জিগির তুলে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপরে সাম্প্রদায়িক হিন্দুত্ববাদীদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ছাত্র-যুব তরুণ সমাজের কাছে আহ্বান জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্যের বিভিন্ন জায়গায় সাম্প্রতিক আক্রমণগুলির নিন্দা করে আগামী বড়দিনের আগে বিভিন্ন এলাকায় সংখ্যালঘু খ্রিস্টান ধর্মাবলম্বীদের রক্ষায় তরুণ সমাজের কাছে ‘রেড সান্টা ব্রিগেড’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
রাজ্যে বিজেপি সরকার আসীন হওয়ার পর থেকেই নদীয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা ইত্যাদি জেলায় বিভিন্ন এলাকায় ধর্মীয় সংখ্যালঘু খ্রিস্টানদের ওপরে হিন্দুত্ববাদীদের আক্রমণ নেমে এসেছে। কোথাও তাঁদের ধর্মস্থানে, কোথাও ধর্মযাজকদের বাড়িতে, খ্রিস্ট ধর্ম গ্রহণ করা তফসিলি জাতি বা আদিবাসী মানুষদের ওপরে হামলা করা হয়েছে। শারদোৎসব চলাকালীনই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় তিনটি খ্রিস্টান পরিবারের মহিলা ও নাবালিকা সদস্যাদের ওপরে হামলার ঘটনা ঘটেছে। পুলিশে অভিযোগ করায় তাঁদের পুনরায় মারধর করে দুর্গা মন্ডপে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে জোর করে পুস্পাঞ্জলি দিতে বাধ্য করা হয়েছে।
এই পরিস্থিতিতে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার প্রতিনিধিরা সিপিআই(এম)’র রাজ্য দপ্তরে এসে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সঙ্গে দেখা করেছেন। পারস্পরিক আলোচনাও হয়েছে। মহম্মদ সেলিম তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
এই প্রসঙ্গে সেলিম জানিয়েছেন, একটা নয়, একের পর এক নিন্দনীয় হামলা ঘটেছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ওপরে। মূলত, রাজ্যের প্রান্তিক এলাকায় বসবাসকারী তফসিলি জাতি ও আদিবাসী খ্রিস্টানদের ওপরে জুলুম ও হামলা ঘটছে। খারাপ ঘটনাগুলি ঘটার পরে তাঁদের পাশে আমরা বামপন্থীরা তো থাকবোই, কিন্তু আমরা চাইছি এরকম ঘটনা যাতে না ঘটতে পারে তার জন্য আগাম ছাত্রযুব তরুণদের নিয়ে তাঁদের পাশে থাকতে। ধর্মের নামে কেউ যাতে হামলা করতে না পারে তার জন্য প্রতিরোধের প্রস্তুতি নিতে ছাত্রযুবদের কাছে আহ্বান জানাচ্ছি।
পশ্চিমবঙ্গে কোভিডের সময় মহামারী প্রতিরোধে ছাত্রযুবরা ‘রেড ভলান্টিয়ার’ বাহিনী গড়ে তুলে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে সেলিম বলেছেন, আসন্ন বড়দিন ঘিরে কেউ যাতে হামলা করতে না পারে তার জন্য ‘রেড সান্টা ব্রিগেড’ গড়ে এলাকায় এলাকায় আক্রান্তদের পাশে থাকতে হবে।
সেলিম বলেছেন, শারদোৎসবের পরিবেশ নষ্ট করতে সংঘ পরিবারের হামলাকারী দুষ্কৃতীরা সচেষ্ট ছিল। বড়দিনও শুধু মাত্র একটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব নয়, এটিরও সর্বজনীনতা আছে। তিনি বলেন, আমাদের রাজ্যের সম্প্রীতির পরম্পরা যাতে অক্ষুন্ন থাকে তার জন্য এখনই নাগরিক সমাজকে সতর্ক ও সক্রিয় হতে হবে।
Md Salim on Attack Aganst Christians
বড়দিনে খ্রিস্টানদের ওপর আক্রমণ মোকাবিলায় আহ্বান সেলিমের
×
Comments :0