Sikkim Tunnel Accident

সিকিমে সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহত শ্রমিকদের বাড়িতে সিডব্লিউএফআই ও পরিযায়ী শ্রমিক সংগঠনের নেতৃত্ব

রাজ্য জেলা

সিকিমের নামচি জেলার এনএইচপিসি-র তিস্তা স্টেজ-৬ সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহত  পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে থাকার আশ্বাস দিল ওয়েস্ট বেঙ্গল মাইগ্র্যান্ট ওয়ার্কার্স ইউনিয়ন (সিটু) এবং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশন অব ইন্ডিয়া (সিডব্লিউএফআই)-এর প্রতিনিধি দল।
সোমবার জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের কিলকট, নাগেশ্বরী ও ইঙ্গডং চা-বাগান এবং নাগরাকাটা ব্লকের বিভিন্ন এলাকায় গিয়ে নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনের প্রতিনিধিরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ গায়েন। উপস্থিত ছিলেন সহ-সম্পাদক দেবজ্যোতি সিনহা, সহ-সভাপতি বিপ্লব সেনগুপ্ত, সিকান্দার মাঝি, কৃষ্ণা বরুয়া, কর্নেল বাহাদুর লামা, তাপস সরকার, নবীউল ইসলাম-সহ সিডব্লিউএফআই ও নির্মাণ শ্রমিক সংগঠনের রাজ্য ও জেলা নেতৃত্ব।
পরিবারগুলির সঙ্গে কথা বলে তাঁদের শোক ও দুর্দশার কথা শোনেন প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,নিহত ও আহত শ্রমিকদের পরিবার যাতে আইন অনুযায়ী সমস্ত ক্ষতিপূরণ,প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য প্রাপ্য সুবিধা দ্রুত পায়, তার জন্য প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রয়োজনে আইনি সহায়তাও দেওয়া হবে।
আসাদুল্লাহ গায়েন বলেন, উত্তরবঙ্গের চা-বাগান ও সংলগ্ন এলাকার মানুষ স্থানীয়ভাবে পর্যাপ্ত কাজ এবং উপযুক্ত মজুরি না পাওয়ায় বাধ্য হয়ে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতে যান। সেখানে নিরাপত্তাহীন পরিবেশে বারবার দুর্ঘটনার শিকার হয়ে তাঁদের প্রাণ হারাতে হচ্ছে। এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে পরিযায়ী শ্রমিকদের মৃত্যুর ঘটনা ক্রমাগত ঘটেই চলেছে।
তিনি দাবি করেন, ১৯২৩ সালের শ্রমিক ক্ষতিপূরণ আইন অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থা ও কোম্পানিগুলিকে নিহত শ্রমিকদের পরিবারের প্রাপ্য ক্ষতিপূরণ, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য আইনসম্মত পাওনা অবিলম্বে প্রদান করতে হবে।পাশাপাশি কর্মস্থলে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।

Comments :0

Login to leave a comment