New Glanco Tea Garden Workers

এককিস্তিতে বোনাসের দাবিতে জাতীয় সড়ক অবরোধ নিউগ্লাঙ্কো চা বাগানের শ্রমিকদের

জেলা

পুজোর আগে এককিস্তিতে সম্পূর্ণ ২০ শতাংশ বোনাসের দাবিতে মহালয়ার সকালে ১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন নিউগ্লাঙ্কো চা বাগানের শ্রমিকরা। শনিবার মালবাজারের নিউ মালের রাঙ্গামাটি রেলওয়ে ওভারব্রিজের কাছে শ্রমিকদের অবরোধে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে মালবাজার-শিলিগুড়িগামী জাতীয় সড়কে যান চলাচ, তৈরি হয় ব্যাপক যানজট। শেষ পর্যন্ত আগামী ১৬ অক্টোবরের মধ্যে একসঙ্গে সম্পূর্ণ বোনাস মিটিয়ে দেওয়ার লিখিত আশ্বাস দেন বাগান ম্যানেজার। এরপর অবরোধ তুলে নেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, বোনাস নিয়ে বাগান কর্তৃপক্ষের প্রস্তাব ছিল, পুজোর আগে ১২ শতাংশ এবং পরবর্তীতে হোলির সময় বাকি ৮ শতাংশ বোনাস দেওয়া হবে। কিন্তু এই প্রস্তাব মানতে রাজি হননি শ্রমিকরা। তাঁদের স্পষ্ট দাবি, পুজোর আগেই এককিস্তিতে সম্পূর্ণ ২০ শতাংশ বোনাস দিতে হবে। দুই কিস্তিতে বোনাস দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে তাঁরা আন্দোলনে নামেন।
শ্রমিকদের বক্তব্য, বোনাস তাঁদের ন্যায্য পাওনা। পুজোর মুখে সেই পাওনা দুই দফায় মেটানোর প্রস্তাব গ্রহণযোগ্য নয়। উৎসবের আগে সংসারের প্রয়োজন মেটাতে সম্পূর্ণ বোনাস একসঙ্গে পাওয়া জরুরি বলেও দাবি তাঁদের। নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ বোনাস মেটানোর লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন শ্রমিকরা। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকালে জাতীয় সড়কে জমায়েত করে অবরোধ শুরু হয়।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। যান চলাচল স্বাভাবিক করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলে। তবে লিখিত আশ্বাস ছাড়া অবরোধ প্রত্যাহারে রাজি হননি আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত বাগান ম্যানেজার ১৬ অক্টোবরের মধ্যে সম্পূর্ণ ২০ শতাংশ বোনাস একসঙ্গে মিটিয়ে দেওয়ার লিখিত প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন তাঁরা।
পুজোর আগে বোনাসের দাবিকে কেন্দ্র করে ডুয়ার্সের চা বাগানগুলিতে শ্রমিক অসন্তোষ অব্যাহত। এককিস্তিতে ২০ শতাংশ বোনাসের দাবিতে নিউগ্লাঙ্কো চা বাগানের শ্রমিকদের এই আন্দোলনে ফের সামনে এল বোনাসের হার ও পরিশোধের পদ্ধতি নিয়ে শ্রমিকদের সঙ্গে বাগান কর্তৃপক্ষের টানাপোড়েন।

Comments :0

Login to leave a comment