SIR Tribunal Jagachha

এসআইআর ট্রাইবুনালে আবেদনকারীদের নথি চাইতে এলাকায় পুলিশ, বিভ্রান্তি জগাছায়

জেলা

জগাছার ঈনসানী এলাকায় পুলিশ, নির্দেশের কপি চাইলেন বাসিন্দারা।

শুভাশিস দেব সরকার

এসআইআর ট্রাইবুনালে আবেদনকারীদের থেকে নথিপত্র চাইতে এলাকায় গেল পুলিশ। হাওড়ার জগাছা থানার পুলিশের এই কাজে ছড়িয়েছে বিভ্রান্তি। একাংশের মধ্যে আতঙ্কও ছড়িয়েছে।
স্থানীয়রা পুলিশের থেকে নির্বাচন কমিশনের নির্দেশ দেখতে চান। পুলিশ কমিশনের কোনও নির্দেশ দেখাতে পারেনি। বলা হয়েছে, ‘উপরতলার নির্দেশ’। 
জগাছার পাশাপাশি হাওড়া জেলার সাঁতরাগাছি ও বাগনান থানা এলাকাতেও এইভাবে নথি সংগ্রহের কাজ চলছে।
গোটা বিষয়ে প্রশ্ন তুলে জেলার বামপন্থী দলগুলির পক্ষ থেকে সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য পরেশ পাল জেলা শাসকের কাছে চিঠি দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার, ২৫ নভেম্বর, 
বুধবার সকালে দক্ষিণ হাওড়া বিধানসভা এলাকার উনসানী অঞ্চলে স্থানীয় জগাছা থানার পুলিশ উপস্থিত হয়ে বাদ যাওয়া ভোটার ও ট্রাইব্যুনালে আবেদন জানানো ভোটারদের তালিকা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন নথি সংগ্রহ শুরু করে পুলিশ। 
এই খবর ছড়িয়ে পড়তেই উনসানী এলাকার বাসিন্দারা রাস্তায় নেমে ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের কাছে নির্বাচন কমিশনার নির্দেশিকা দেখতে চান। পুলিশ কর্মীরা জানান তাঁদের কাছে কোনও নির্দেশের প্রতিলিপি নেই। ‘উপরতলার নির্দেশেই’ এই কাজ তারা করতে এসেছেন। 
স্থানীয় বাসিন্দারা পুলিশ কর্মীদের বলেন, নথি জমা দিলে আপনাদের প্রাপ্তির রশিদ দিতে হবে। পুলিশ কর্মীরা জানান, তাঁদের পক্ষে কোনও রশিদ দেওয়া সম্ভব নয়। বাসিন্দারা নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত এলাকার বিএলও-কে ফোন করে ঘটনার বিষয়ে জানতে চান। বিএলও তাঁদের বলেন, এই রকম কোনও নির্দেশের বিষয়ে তাঁরা জানান না। এলাকায় নতুন করে বিভ্রান্তি শুরু হতেই ঘটনাস্থল থেকে চলে যান পুলিশ কর্মীরা। 
স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, যে কাজ নির্বাচন কমিশনের করার কথা, সেই কাজ নির্বাচন কমিশনের অনুপস্থিতিতে পুলিশ করতে পারে কিনা না? 
এলাকার বাসিন্দা এবং প্রাক্তন পৌর প্রতিনিধি বাহার আলি মিদ্দের মতো অনেকেই কয়েক পুরুষ ধরে এই এলাকায় বসবাস করছেন। এলাকার বাসিন্দা সেখ সাহাবুদ্দিন, সেখ আজাহার, ইমতিয়াজ মিদ্দে, আমজেদ মিদ্দে, জামিলা বিবিরা জানান যে এসআইআর প্রক্রিয়ায় ২৪ নম্বর বুথে ৩৭১ জনের নাম বাদ গেছে। তাঁরা প্রত্যেকেই প্রয়োজনীয় নথি জমা দিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছেন। 
বাসিন্দারা বলেন, এসআইআর সংক্রান্ত কাজ দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে এই কাজ নির্বাচন কমিশন মারফৎ হওয়া উচিত। পুলিশ প্রশাসনের এ বিষয়ে কোনও ভূমিকা থাকা উচিত নয়। প্রয়োজনীয় নির্দেশিকাও থাকা উচিত। 
এ বিষয়ে জগাছা থানার আধিকারিককে ফোন করা হলে তিনি বলেন যে ট্রাইব্যুনালে আবেদনকারীদের থেকে নথি সংগ্রহের কাজ চলছে বিভিন্ন থানায়। কোনও নির্দেশিকা আছে কিনা প্রশ্ন করা হলে তিনি কোনও উত্তর দেননি।

Comments :0

Login to leave a comment