Migrant Workers delhi

দিল্লিতে কাজে গিয়ে নিখোঁজ ছেলে, ভাঙা সাইকেল সবজি বিক্রি করেই সংসার চালাচ্ছেন মা সর্বেশ্বরী বর্মন

জেলা

জয়ন্ত সাহা: দিনহাটা

দিল্লীতে পরিযায়ী শ্রমিক হয়ে ৬ বছর আগে নিখোঁজ ছেলে! অসুস্থ বৌমা নাবালিকা নাতনী আর একটা ভাঙা সাইকেল নিয়ে জীবনযুদ্ধ চলছে সর্বেশ্বরী বর্মনের। দু চোখে স্বপ্ন ছেলে একদিন ঘরে ফিরবে। পাশে দাঁড়ায় নি পুলিশ-প্রশাসনের কেউই। মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূল-বিজেপির দুই সরকারই।
পরিযায়ী শ্রমিক হয়ে দিনহাটা-১ ব্লকের মাতালহাটের ভূতকুড়া গ্রামের বাসিন্দা সর্বেশ্বরী বর্মনের ছেলে স্ত্রী রত্না বর্মন আর আর মেয়েকে রেখে ছয় বছর আগে দিল্লীতে চলে গিয়েছিলেন ঠিকাদারের সঙ্গে। ঠিকাদার হোটেলে কাজ দেবে বলে নিয়ে গিয়েছিল। তারপর থেকেই নিখোঁজ একমাত্র ছেলে স্বপন বর্মন।
ছেলের আশায় পথ চেয়ে বসে আজও বসে থাকেন মা। অসুস্থ স্ত্রী রত্না বর্মনও বিশ্বাস করেন স্বামী একদিন ফিরে আসবে। স্বামীর প্রতীক্ষায় মেয়েকে বড় করছেন। মেয়ে এখন ক্লাস নাইনে পড়ে। সংসার চালাতে সর্বেশ্বরী বর্মন ভোরের আলো ফুটতেই সাইকেলে সবজি নিয়ে গ্রাম থেকে চলে যান দিনহাটা শহরের পাড়ায় পাড়ায়। সবজি বিক্রি করেই চলে সংসার।
গোটা পরিবারের আফশোষ একটাই তৃণমূল সরকারের আমলেও প্রশাসন স্বামীকে খুঁজে দিতে উদ্যোগী হয় নি।বিজেপি সরকারের পঞ্চায়েত সদস্য থেকে দলের নেতারা নিখোঁজ ব্যক্তিকে খুঁজে দেবার আশ্বাস টুকুও দেয় না।পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরি করলেও পুলিশ কোন সুরাহা করে দেয় নি উঠেছে অভিযোগ।
নিখোঁজ ব্যক্তির স্বামী যার সাথে দিল্লীতে কাজের জন্য গিয়েছিল সেই বাবু অধিকারীর কাছে গিয়ে স্বপনের মা ও স্ত্রী ছেলের সন্ধান করতেই মিলেছে কটুক্তি আর অসম্মান। রত্না বর্মনের অভিযোগ, পুলিশ যদি ওই ঠিকাদারকে ডেকে জিজ্ঞাসাবাদ করতো তাহলে হয়তো স্বামীকে খুঁজে পাওয়া যেত এতদিনে।
মা সর্বেশ্বরী বর্মনের কথায়, ছেলেকে হারিয়ে যেন গোটা সংসারটাই ভেসে যাচ্ছে। বয়সের ভার উপেক্ষা করেই সাইকেল চালাতে পারি না তবু সেই সাইকেলে সবজি নিয়ে হেঁটে হেঁটেই বাড়ি সবজি বিক্রি করে তিনজনের পেটের ভাত জোগাড় করছি চার বছর ধরে।
নিখোঁজ স্বপনের অসুস্থ স্ত্রী রত্না বর্মন বলেন, আমাদের গোটা পরিবারের এখন অপেক্ষার প্রহর গোনা চলছে।চোখের জল ফেলতে ফেলতে কেটে গেলো চার বছর।স্বামী দিল্লীতে পৌঁছে ফোন করেছিল। প্রথম দিকে ফোন আসতো। কিছুদিন পর জানতে পারি আমার স্বামী নাকি আগের দিন বেড়িয়ে গেছে। আর ফেরে নি। তারপর আর কেউ কিছু বলতে পারছে না। বাড়িতে শাশুড়ি আর আমার ছোট মেয়ে। তিনজনই মহিলা। দিল্লীতে গিয়ে কি করে খুঁজবো স্বামীকে। যারা সাহায্য করতে পারতো সেই পুলিশ আমাদের অভিযোগের গুরুত্বই দিল না।
নিখোঁজ ছেলেকে হারিয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছেন মা। তবুও সংসারটা রক্ষা করতে সাইকেল টেনে সবজির বোঝা নিয়ে প্রতিদিন যান শহরের পাড়ায় পাড়ায়। আর প্রতিরাতে স্বপ্ন দেখেন একদিন ছেলে এসে "মা" বলে ডেকে উঠোনে দাঁড়াবে। পরিযায়ী স্বপনের অপেক্ষায় গোটা পরিবারের দিন -মাস- বছর পেরিয়ে যাচ্ছে।

Comments :0

Login to leave a comment