আসামে বন্যাপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো। ক্ষতিগ্রস্ত পরিবার, বিশেষ করে মৃতদের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে পলিট ব্যুরো।
পলিট ব্যুরো বলেছে, বন্যার্তদের জন্য সুসংহত পুনর্বাসন প্যাকেজ ঘোষণা করতে হবে প্রশাসনকে। যাতে বন্যয় ক্ষতিগ্রস্ত মানুষ মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারেন।
আসামে সিপিআই(এম) কর্মীরা ত্রাণের কাজে নেমেছেন। সংলগ্ন রাজ্যগুলির পার্টি কর্মীদেরও ত্রাণ ও পুনর্বাসনের কাজে সহায়তা করার আহ্বান জানিয়েছে পলিট ব্যুরো।
আসামে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। ৭৫ জনের প্রাণহানির খবর মিলেছে। প্রায় ৪ হাজার গ্রামে ৫০ লক্ষ মানুষ ঘরছাড়া। বহু গবাদি পশুর মৃত্যু হয়েছে বন্যায়। ৩০ জেলায় প্রায় দেড় লক্ষ হেক্টরের ফসল জলের তলায়।
এই তথ্যের উল্লেখ করে পলিট ব্যুরো বলেছে, আসামে বন্যা হলেও তিনটি জেলায় বেনজির বন্যা হয়েছে। নাগাল্যান্ডের পাহাড়ে বৃষ্টির কারণে জলস্তর বেড়েছে বেনজির মাত্রায়। গত কয়েক দশকে এমন বন্যা আসামে দেখা যায়নি। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে বেআইনি খনন এবং বেআইনি নির্মাণের কারণে প্রাকৃতিক জল নিকাশি ব্যবস্থা দুর্বল হয়েছে। দুর্বল হয়েছে প্রাকৃতিক বাঁধও। বন্যার প্রভাবও বেড়ে গিয়েছে।
পলিট ব্যুরো বলেছে, মানুষের যন্ত্রণা বেড়েছে ত্রাণ ও উদ্ধারের কাজে দুর্বলতা থাকায়। বন্যার্ত বহু মানুষ দিন কাটাচ্ছেন খাদ্য, ওষুধ বা মাথার ওপর আচ্ছাদন ছাড়া। রাজ্যের বিজেপি সরকার জীবন ও জীবিকার সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ। অথচ এই বিজেপি নির্বাচনে ‘বন্যা মুক্ত আসাম’ করার প্রতিশ্রুতি দিয়েছিল।
পলিট ব্যুরো বলেছে, কেন্দ্রের সরকার আসামের পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি নিস্পৃহ। উদ্ধার, ত্রাণ এবং পুনর্বাসনের কাজে কেন্দ্রের সরকারকে প্রয়োজনীয় সহায়তা করতে হবে। আসামের ৪০ শতাংশ এলাকা বন্যাপ্রবণ। ফলে কেন্দ্রীয় সরকারকে স্থায়ী সমাধান নিশ্চিত করতে হবে।
Polit bureau on assam flood
আসামে বেনজির বন্যায় ক্ষতিপূরণ পুনর্বাসনের দাবি পলিট ব্যুরোর
×
Comments :0