সিকিমে নির্মীয়মান সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনায় মৃত্যু মিছিল অব্যাহত। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। টানেলের ভেতরে ভূমিধস স্তূপে এখনও পাঁচজন শ্রমিক আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু আটকে থাকা শ্রমিকরা ঠিক কি অবস্থায় রয়েছে তা জানা যাচ্ছে না। যদিও তাদের বেঁচে থাকার আশা একেবারেই ক্ষীণ। স্বাভাবিকভাবেই মৃত্যু সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ। যুদ্ধকালীন তৎপরতার সাথে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলি। সোমবারের পরে মঙ্গলবারও ঝূঁকি নিয়েই ফের অভিযান শুরু হয়ে গিয়েছে। সুড়ঙ্গে বর্তমানে আটকে থাকা শ্রমিকদের বাঁচাতে প্রশাসনের তরফে অক্সিজেন সরবরাহ ঠিক রেখে উদ্ধারকাজ চালানো হচ্ছে। টানেলের ভেতরে আটকে থাকা ২৫ জনের মধ্যে ২০জনের মৃত্যু নিশ্চিত করেছেন নামচির জেলা পুলিশ সুপার সোনম ডি ভুটিয়া। তিনি জানিয়েছেন, সোমবারই ১২জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সাতজনের পরিচয় জানা সম্ভব হলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি। বাকিদের সনাক্তকরণের কাজ চলছে। মঙ্গলবারও টানেলের ভেতরে প্রবলভাবে মিথেন গ্যাস নির্গমন হয়েই চলেছে। ফলে টানেলের ভেতরে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে। বিস্ফোরণের কারণে অনবরত জলরাশি ও সাথে কাদামাটি বেরিয়ে আসছে। ভেতরে কোনরকম আলোর অস্তিত্ব নেই। প্রাণের ঝুঁকি নিয়ে প্রশিক্ষিত উদ্ধারকারী দলের কর্মীরা টানেলের ভেতরে যাচ্ছেন। উদ্ধারের কাজে বিঘ্ন ঘটলেও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে দফায় দফায় উদ্ধারের কাজ চলেছে। প্রসঙ্গত নামচি জেলার ঝোলুঙ্গে উপজেলার সমরদুং এ এনএইচপিসি তিস্তা স্টেজ ৬ (ভিআই) জলবিদ্যুৎ প্রকল্পের একটি নির্মীয়মান টানেলের কাজ চলাকালীন সোমবার টানেলের প্রবেশপথে বিশালাকার ভূমিধস নামে। টানেলের ভেতরে মিথেন গ্যাসের আকস্মিক বিস্ফোরণের কারণেই এতবড় বিপর্যয়ের ঘটনা ঘটে। পাথরের ভেতরে বিষাক্ত মিথেন গ্যাসের আকস্মিক বিস্ফোরণের ঘটনায় বিষাক্ত ধোঁয়ায় টানেলের ভেতরে অন্ধকার নেমে আসে এমনটাই এনএইচপিসি’র এক বিবৃতিতে জানানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ। ঘটনাস্থলে যান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর। পশ্চিমবঙ্গ থেকে খনি উদ্ধারকারী বিশেষ টিম পৌঁছেছে ঘটনাস্থলে। সিকিমের মুখ্যমন্ত্রীর নির্দেশে সিকিমে নির্মীয়মান সুড়ঙ্গ বিপর্যয়ের ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যেই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছে সিকিম সরকার। সিকিমের মর্মান্তিক দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিকিমের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগ করে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। প্রধানমন্ত্রীও নিহতদের পরিবারের জন্য ২লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। সিকিমের বিধানসভায় দুই মিনিট নীরবতা পালন করে শোকপ্রকাশ করা হয়েছে।
Sikkim Tunnel Collapse
চলছে উদ্ধারকাজ, সিকিমের দুর্ঘটনায় বাড়তে পারে মৃতের সংখ্যা
×
Comments :0