Ghatal College SFI

ঘাটাল কলেজে বন্ধ ঘরে এসএফআই নেতাকে মারধর এবিভিপি’র, কাল বিক্ষোভ

রাজ্য জেলা

ঘাটাল কলেজের এসএফআই নেতা অয়ন মন্ডল ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।

ঘাটাল কলেজের এসএফআই নেতা অয়ন মন্ডলকে কলেজের বাথরুমের করিডর থেকে অপহরন  করে নির্মম অত্যাচার চালানো হয়। ঘটনায় অভিযোগ উঠেছে এবিভিপি-র বিরুদ্ধে।
কলেজ ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের সময়ে  বানানো ‘অপারেশন  রুম’-এ দেড় ঘন্টা আটকে রাখে অয়নকে।  এসএফআই কর্মীরা খোঁজা খুঁজি করে তাঁকে সেখান থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন। 
ঘাটাল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় এই ছাত্রনেতাকে। হাসপাতালের এমারজেন্সির সামনেই আহত অয়ন সহ তাঁর সঙ্গীদের উপর আবার আক্রমণ চলে। লাঠি দিয়ে মারধর করা হয়। 
প্রশাসন সহ দায়িত্বে থাকা সিভিক ও পুলিশ কর্মীরা কোনো  পদক্ষেপ না নিয়ে এড়িয়ে যান। 
অভিযোগ,  এবিভিপি-র  ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সৌমিক অধিকারীর নেতৃত্বে  বহিরাগত আরিত্রিক মন্ডল, সুরজ সামন্ত, স্বপন পোড়ে সহ আরো ১৫ দুষ্কৃতী এই আক্রমণ ও অপহরণ কান্ডে জড়িত। রাতেই ঘাটাল থানায় অভিযোগ দায়ের করেছে এসএফআই। আগামীকাল, মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে এসএফআই ধিক্কার ও বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। ঘাটাল থানায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচীও হবে বলে জানান সংগঠনের জেলা সম্পাদক রনিত বেরা।

Comments :0

Login to leave a comment