CENSUS KMC

কলকাতায় জোর ‘সেলফ এনুমারেশন’-এ, জনগণনার ওয়েবসাইট চালু আজ রাত বারোটার পর

কলকাতা

শনিবার থেকে ডিজিটাল প্রক্রিয়ায় শুরু হচ্ছে 'জনগণনা ২০২৭'-র কাজ। ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। তারপর ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড় বাড়ি ঘুরে ‘ফিল্ড এনুমারেশন’ প্রক্রিয়া চলবে। যেহেতু ২০২৭ সালের ১ মার্চ জনগণনার তথ্য প্রকাশ করা হবে তাই এর নাম দেওয়া হয়েছে ‘জনগণনা ২০২৭’।  
কলকাতা কর্পোরেশন এলাকায় জনগণনা ২০২৭ এর প্রক্রিয়া কী ভাবে চলবে তা বিস্তারিত সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন কলকাতা কর্পোরেশনের পৌর প্রশাসক স্মিতা পান্ডে। 
তিনি জানিয়েছেন ২০১১ সালে শেষ জনগণনার সময় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়েছিল। কিন্তু এবার ডিজিটাল জনগণনার কাজ করার সিদ্ধান্ত হয়েছে। নাগরিকরা বাড়িতে বসেই সামান্য সময় খরচ করে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। সমস্ত তথ্য জমা করার পর ১১ ডিজিটের একটি ‘ইউনিক কোড’ পাওয়া যাবে। সেই কোডটি রেখে দিতে হবে। জনগণনার দ্বিতীয় ধাপে ১৬ই আগস্ট থেকে ‘ফিল্ড এনুমারেশন’-র সময় এই ‘ইউনিক কোড’ দিতে হবে। সেক্ষেত্রে তথ্য চলে আসবে। ফলে আলাদা করে তথ্য দিতে হবে না।
‘সেলফ এনুমারেশন’ বা নাগরিকদের ডিজিটাল ফর্ম ভরার প্রক্রিয়ায় শিক্ষার্থীদের যুক্ত করার পরিকল্পনা করেছে কলকাতা কর্পোরেশন। কলকাতার জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষকে এই প্রক্রিয়ার মধ্যে আনতে চাইছে কর্পোরেশন। কলকাতা জুড়ে মোট ৮,১০৫টি হাউস লিস্টিং ব্লক চিহ্নিত করা হয়েছে। যাতে প্রায় ৮,২০০ জন কর্মী অংশ নেবেন, যার মধ্যে ১,৪০০ জন সুপারভাইজার থাকবেন।
ডিজিটাল জনগণনায় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে রাজ্যের শিক্ষা দপ্তরের সহযোগিতা চাওয়া হয়েছে। বিশেষভাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের এই কর্মসূচিতে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। শহরের প্রায় ৭০০টি সরকারি এবং ৩০০টি বেসরকারি স্কুল এই উদ্যোগে অংশ নেবে। প্রতিটি স্কুলে একজন করে নোডাল সেন্সাস টিচার থাকবেন, যিনি সংশ্লিষ্ট বরো অফিসের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। পরিকল্পনা অনুযায়ী, প্রত্যেক পড়ুয়া অন্তত ১০টি পরিবারের অনলাইন সেল্ফ-এনিউমারেশন সম্পন্ন করতে সহযোগিতা করবে।
প্রতিটি বরোতে পাঁচটি বিশেষ দল গঠন করা হবে, যারা নাগরিকদের অনলাইন সেল্ফ-এনিউমারেশন ফর্ম পূরণে সহায়তা করবে। পাশাপাশি বস্তি, কলোনি এবং শহরের বহুতল আবাসনগুলিতে বিশেষ সচেতনতামূলক অভিযান চালানো হবে, যাতে আরও বেশি সংখ্যক মানুষ নিজেরাই অনলাইনে ফর্ম পূরণ করেন।
কলকাতা কর্পোরেশনে সমস্ত কর্মীদের নিজেদের সেল্ফ-এনিউমারেশন ফর্ম অনলাইনে পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে। একইসঙ্গে রাজ্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত সরকারি কর্মী ও আধিকারিকদের নিজেদের জনগণনার ফর্ম নিজেরাই অনলাইনে পূরণ করতে হবে।
এদিন স্মিতা পান্ডে আরও জানিয়েছেন, আজ রাত বারোটা থেকে অনলাইন পোর্টাল সক্রিয় হয়ে যাবে এই ফর্ম ফিল আপ করার জন্য। সেই পোর্টালের লিঙ্ক হলো: se.census.gov.in।

Comments :0

Login to leave a comment