নির্বাচনে হেরে গেলেও সিপিআই(এম) কর্মীরা ময়দান ছেড়ে চলে যান না। বরং গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় লড়াই আন্দোলনে শামিল হন। সারা দেশে মন্দির মসজিদের নাম করে বিভাজন সৃষ্টি করতে চায় বিজেপি। আর বিজেপি’র এই অপচেষ্টার বিরুদ্ধে দেশজুড়ে বামপন্থীরাই লড়াই চালিয়ে যাচ্ছে। বুধবার হাওড়ায় জনসভায় একথা বললেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
অবিলম্বে হাওড়া কর্পোরেশন ও বালি পৌরসভার নির্বাচন করা সহ ১২ দফা দাবিতে সিপিআই(এম) হাওড়া জেলা কমিটির ডাকে বুধবার সকাল থেকে হাওড়া জেলা শাসকের দপ্তরের সামনে হাওড়া ময়দানে ফ্লাইওভারের নিচে অবস্থান কর্মসূচি পালিত হয়। প্রায় পাঁচ শতাধিক কর্মী সকাল থেকেই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। বিকাল ৪ টা পর্যন্ত অবস্থান চলে।
সেলিম বলেন, হকার ও বস্তিবাসী মানুষকে পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না। গরিব মানুষের পেশা ও জীবিকা কেড়ে নেওয়া চলবে না। তিনি বলেন, দিল্লিতে অনশনরত সোনম ওয়াঙচুকে তুলে নিয়ে গিয়ে ফ্যাসিস্ট কায়দায় আন্দোলনরত দেশের ছাত্র যুবদের ওপর নির্মম অত্যাচার নামিয়ে এনে আন্দোলন ভেঙে দিতে চায় বিজেপি সরকার। এর বিরুদ্ধে সারা দেশ বিজেপি সরকারের বিরুদ্ধে মানুষ ধিক্কার জানাচ্ছেন।
তিনি বলেন, ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় বিজেপি। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র গড়ে তুলতে চায় আরএসএস। সেলিম বলেন, আমাদের রাজ্যে বামপন্থীদের উচ্ছেদ করতে আরএসএস’র সহায়তায় মমতা ব্যানার্জি তৃণমূল গড়ে তোলেন। পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে হত্যা করতে তৃণমূল কংগ্রেসকে পিছন থেকে সাহায্য করে আরএসএস। সারা দেশে বিরোধীদের কন্ঠস্বর রোধ করতে চায় বিজেপি, অপরদিকে মমতা ব্যানার্জি রাজ্যে বিরোধী শূন্য করার কথা বারেবারে বলেছিলেন। পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি বামপন্থীদের ওপর অত্যাচার নামিয়ে এনে কণ্ঠরোধ করার চেষ্টা করেছিলেন। পুলিশ তৃণমূলের দলদাস থেকে এখন বিজেপি’র দলদাস।
সেলিম বলেন, রাজ্যে বিজেপি সরকার গরিব খেটে খাওয়া মানুষের রুটি রুজি কেড়ে নিতে উদ্যোগী হয়েছে। এমনকি বস্তিবাসী মানুষের ঘরও বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। গরিব মানুষের পেশা ও জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। বুলডোজারের সামনে লাল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে লড়াই চালাচ্ছেন সিপিআই (এম) কর্মীরা।
এসআইআর প্রসঙ্গে সেলিম বলেন, এসআইআরের নাম করে যে সমস্ত ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে সেই সমস্ত বৈধ ভোটারদের নাম ফিরিয়ে নিয়ে আসার শপথ গ্রহণ করেছে বামপন্থীরা।
সভায় হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ বলেন, এর আগে সিপিআই(এম)’র ওপর আক্রমণ নামিয়ে এনেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু আদর্শ ও নীতির ভিত্তিতে কর্মীরা সিপিআই(এম)-কে এগিয়ে নিয়ে গেছে। শত বাধা এলেও লড়াই আন্দোলন চলবে।
কৃষক সভার রাজ্য সম্পাদক পরেশ পাল বলেন গরিব মানুষের রুটি রুজির ব্যবস্থা ও থাকার জন্য মাথার ছাদ কেড়ে নিতে চায় বিজেপি সরকার। এর বিরুদ্ধে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও গরিব খেটে খাওয়া মানুষকে সঙ্গে নিয়ে লড়াই আন্দোলনে রয়েছে বামপন্থীরা।
Md Salim In Howrah
জনতাকে একজোট করে চলবে লড়াই, হাওড়ায় বললেন সেলিম
×
Comments :0